দ্য ওয়াল ব্যুরো: দু'বছর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এক অ্যাপার্টমেন্টের ২০তলা থেকে নগ্ন অবস্থায় নীচে পড়ে মৃত্যু হয়েছিল ডাচ মডেল ইভানা স্মিথের। দুর্ঘটনায় মৃত্যু বলে জানিয়েছিল পুলিশ। কিন্তু হাল ছাড়েননি ইভানার পরিবারের লোকেরা। আদালতে মামলা করেন তাঁরা। দু'বছর পরে সেই ঘটনাকে খুন বলে মান্যতা দিল কুয়ালালামপুর আদালত ও মালয়েশিয়ার পুলিশ।
২০১৭ সালের ডিসেম্বর মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টের ২০ তলা থেকে পড়ে যান ইভানা। ছ'তলার একটি ব্যালকনিতে পড়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরে পুলিশ জানায়, অসাবধানতায় পড়ে গিয়েছেন ইভানা। তার আগে মদ খেয়েছিলেন তিনি। সামলাতে না পেরে পড়ে যান। তারপরেই এই তদন্ত বন্ধ করে দেয় পুলিশ।
পুলিশের এই তদন্তে খুশি ছিলেন না ইভানার পরিবার। তাঁরা মামলা দায়ের করেন আদালতে। দু'বছর ধরে চলে সেই মামলা। অবশেষে জানা যায়, সেদিন অনেক কিছু ঘটেছিল যা তাদের তদন্তে এড়িয়ে গিয়েছে পুলিশ। যেমন, কেন নগ্ন অবস্থায় পড়লেন ইভানা? কী চলছিল তাঁর ফ্ল্যাটে? খোঁজ নিয়ে জানা যায় সেদিন ইভানার ফ্ল্যাটে হচ্ছিল পার্টি। মদ খেয়ে সবাই মত্ত ছিলেন গ্রুপ সেক্সে। তারপরেই এই ঘটনা ঘটে।
তাহলে কি সেই সময় কারও সঙ্গে ঝামেলা হয় ইভানার? প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল, সেই সময় ইভানার সঙ্গে কেউ ছিল না। কিন্তু পরবর্তীকালে তদন্ত করে জানা যায় ইভানার শরীরে এমন কিছু ক্ষতের চিহ্ন রয়েছে যাতে প্রমাণ হয় উপর থেকে পড়ে যাওয়ার আগে নিজেকে বাঁচানোর জন্য কারও সঙ্গে হাতাহাতি হয়েছিল তাঁর।
তাহলে কি কেউ তাঁকে খুন করেছেন? তেমনটাই অনুমান কুয়ালালামপুর আদালতের। সেদিন পার্টিতে কে কে সেখানে ছিলেন সে ব্যাপারে খোঁজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। জানা গিয়েছে, একবার সেখানে উপস্থিত ব্যক্তিদের কেউ ধরা পড়ে গেলেই পুরো ঘটনা চলে আসবে চোখের সামনে।