দ্য ওয়াল ব্যুরো: দিল্লির দূষণ মোকাবিলা করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত দূষণ মোকাবিলা করা সম্ভব হয়নি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন জনপ্রিয় হলিউড তারকা তথা আমেরিকার পেটা-র ডিরেক্টর পামেলা অ্যান্ডারসন। বললেন, দূষণ দূর করতে হলে একমাত্র উপায় ভেগান হওয়া।
সম্প্রতি মোদীকে চিঠি লিখেছেন পামেলা। চিঠিতে এই ক্যানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী লিখেছেন, "ভারতের প্রধানমন্ত্রী এই দূষণ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। এই দূষণে মানুষের অবস্থা দেখে আমারও মন ভারাক্রান্ত। আমি ভাবছি পশুদের কথা। তারা তো আর মুখে মুখোশ পরে ঘুরতে পারে না। তাই প্রধানমন্ত্রীকে আমার পরামর্শ, সব সরকারি অনুষ্ঠানে মাংস ও দুগ্ধজাত খাবার বন্ধ করে দিন। একমাত্র ভেগান খাবারই পরিবেশের দূষণ কমাতে সাহায্য করবে।"
এই প্রসঙ্গে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ-এর একটি রিপোর্ট তুলে ধরেছেন বে-ওয়াচ স্টার। সেই রিপোর্টে বলা হয়েছে, পরিবেশ পরিবর্তন করতে হলে মাংস খাওয়া বন্ধ করা সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পামেলার কথায়, "দূষণ কমাতে ভেগান হওয়া একটা অপশন নয়, এটা করতেই হবে।"
অবশ্য পরিবেশ দূষণ দূর করতে এই প্রথমবার মুখ খুললেন না পামেলা। ফেব্রুয়ারি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লেখেন পামেলা। চিঠিতে তিনি লেখেন, রাশিয়ার পূর্বে একটি তিমি মাছ ধরে রাখার জায়গা রয়েছে। অবিলম্বে সেখান থেকে সব তিমি মাছদের মুক্তি দিতে হবে। নইলে পরিবেশের পক্ষে তা ক্ষতিকর প্রভাব ফেলবে। অক্টোবর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চিঠি লিখে পামেলা বলেন, সেখানকার জেলে বন্দিদের জন্য বরাদ্দ মাংস বন্ধ করতে হবে। নইলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। এবার মোদীকেও একই পরামর্শ দিলেন পামেলা।