দ্য ওয়াল ব্যুরো: এক বাঘের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে আরেকটি বাঘ। হঠাৎ ঝাঁপিয়ে পড়ল তার উপর। শুরু হল তুমুল লড়াই। অবশ্য বেশ কয়েক সেকেন্ডের লড়াই শেষে হার মানতে হয়েছে আক্রমণকারী বাঘকেই। আর এই পুরো ঘটনা হয়েছে ক্যামেরাবন্দি। এই ভিডিও দেখলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য।
ঘটনাটি রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানের। বুধবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান তাঁর টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন একটি ভিডিও। সেখানেই এই ঘটনা দেখা গিয়েছে। আসলে বাঘ দুটি দু'ভাই। তাদের নাম টি ৫৭ ও টি ৫৮। ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে টি ৫৭ বাঘের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে তার ভাই টি ৫৮। তারপরেই অতর্কিতে টি ৫৭ বাঘের উপর হামলা করে সে।
শুরু হয় তুমুল লড়াই। জাতীয় উদ্যান সূত্রে খবর, সেই সময় টি ৫৭ বাঘের পাশে বসে বিশ্রাম করছিল বাঘিনী টি ৩৯। দু'জনের লড়াই শুরু হতেই সেখান থেকে পালায় সে। বেশ কয়েক সেকেন্ড চলে এই মল্লযুদ্ধ। একে অন্যকে দাঁত-নখ দিয়ে হারানোর চেষ্টা করতে থাকে তারা। রীতিমতো গর্জনের সঙ্গে লড়াই চলে। শেষ পর্যন্ত অবশ্য হার মানতে হয় টি ৫৮ বাঘকেই। মাটিতে শুয়ে আত্মসমর্পণ করে সে। তার উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় টি ৫৭ বাঘকে।
https://www.facebook.com/TheWallNews/videos/2390466304501800/
কিন্তু কেন দুই ভাইয়ের এই লড়াই?
জাতীয় উদ্যানের তরফে জানানো হয়েছে দুটি কারণ থাকতে পারে এই লড়াইয়ের। এক, জায়গা দখল। সাধারণত প্রতিটি বাঘ নিজের একটা এলাকা নির্বাচন করে থাকে। গন্ধের মাধ্যমে এই এলাকা নির্বাচন করে তারা। সাধারণত একটি বাঘের এলাকার পরিমাণ হয় ৮০ বর্গকিলোমিটার। রণথম্বোরে ১৭০০ বর্গকিলোমিটার এলাকায় রয়েছে ৬২টি বাঘ। এলাকা দখল করতে লড়াই চালাতে পারে একটি বাঘ।
দ্বিতীয় কারণ হতে পারে বাঘিনীর উপর অধিকার। টি ৩৯ বাঘিনীর উপর অধিকার কার থাকবে, তা নিয়ে দুই ভাই লড়াই করে থাকতে পারে। এসব ক্ষেত্রে যার জয় হয়, তার সঙ্গেই মিলিত হয় বাঘিনী। জানানো হয়েছে শেষ ১০ মাসে রণথম্বোরে এই ধরণের ৪টি বাঘের লড়াই দেখা গিয়েছে। এই লড়াইয়ে অবশ্য সামান্য আহত হয়েছে দুই বাঘই।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…