দ্য ওয়াল ব্যুরো : পাতাল রেলের স্টেশনে প্যারাম্বুলেটরে শিশুসন্তানকে নিয়ে হাঁটছিলেন এক মহিলা। সঙ্গে ছিলেন স্বামী। স্টেশনের যে বোর্ডে ট্রেনের সময় লেখা থাকে, সেদিকে দেখতে দেখতে কখন যে প্ল্যাটফর্মের একেবারে ধারে এসে পড়েছেন বুঝতেই পারেননি। আচমকা প্যারাম্বুলেটর তাঁর হাত ফস্কে পরে গেল লাইনে।
ঠিক সেই সময় স্টেশনে ঢুকছিল ট্রেন। শিশুটিকে বাঁচাতে লাইনে ঝাঁপ দিলেন মহিলা। পিছু পিছু ঝাঁপ দিলেন তাঁর স্বামীও। ট্রেন হু হু করে চলে গেল তাঁদের ওপর দিয়ে। সবাই ভেবেছিলেন, তিনজনের কেউ রক্ষা পায়নি। কিন্তু ট্রেন চলে যাওয়ার পরে দেখা গেল, তিন জনেই বেঁচে আছে। শুধু তাই নয়, এমন কিছু আঘাতও লাগেনি কারও।
আসলে ট্রেনলাইনের নিচে ছিল এক বড়সড় গর্ত। তাতেই লুকিয়ে প্রাণ বেঁচেছে তিনজনের। তেমন চোট না লাগলেও তিনজনকেই হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়েছে।