দ্য ওয়াল ব্যুরো : গত জানুয়ারিতে দেশ ছেড়ে পালিয়েছেন পিএনবি কেলেঙ্কারিতে দুই অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসি। সিবিআই চেষ্টা করছে যাতে দুই জহরত ব্যবসায়ীকে ভারতে ফিরিয়ে আনা যায়। নীরব মোদিকে দেশে ফেরানোর ব্যাপারে খানিকদূর অগ্রগতি হয়েছে ঠিকই কিন্তু মেহুল চোকসিকে দেশে ফেরানোর জন্য এখনও কিছুই করে ওঠা যায়নি । সিবিআই ইন্টারপোলকে অনুরোধ করেছে যাতে মেহুল চোকসির নামে রেড কর্নার নোটিস জারি করা হয়। কিন্তু তার পরেও তাঁকে সিবিআই নিজের হেপাজতে পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
যতদূর জানা গিয়েছে, নীরব মোদী তাড়াহুড়ো করে দেশ ছেড়ে পালিয়েছিলেন। বিদেশে কোথায় থাকবেন, কীভাবে গ্রেফতারি এড়াবেন, সেসব ভাবার সময় পাননি। তাঁকে ব্রিটেনে দেখা গিয়েছে। তার পরে সিবিআই ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করে, নীরবকে বন্দি করে ভারতে পাঠানো হোক। সেই অনুরোধ এখন বিবেচনাধীন রয়েছে।
কিন্তু মেহুল চোকসি গত বছরেই অ্যান্টিগুয়া ও বারবিডুয়ার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। এবছর ১৫ জানুয়ারি তিনি নাগরিকত্ব পেয়েছেন। সিবিআই রেড কর্নার নোটিসের জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছে শুনেই মেহুল চোকসি নিজেও ওই সংস্থাকে জানান, রাজনৈতিক কারণে তাঁকে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। ভারতের জেলাগুলির অবস্থা খুব খারাপ। তাছাড়া ভারতে গেলে তিনি নানাভাবে বিপদে পড়তে পারেন। অসুস্থ হয়ে পড়তে পারেন।
অন্যদিকে অ্যান্টিগুয়া ও বারবিডুয়া সরকারও তাঁকে ভারতে পাঠানোর ব্যাপারে বিশেষ আগ্রহ দেখায়নি। ইন্টারপোলের রেড কর্নার নোটিসের ভিত্তিতে নিজের দেশের কোনও নাগরিককে বিদেশে পাঠাতে আগ্রহী নয় সেদেশের সরকার। সব মিলিয়ে মেহুল চোকসিকে ভারতে আনার প্রক্রিয়া এখন বিশ বাঁও জলে ।