দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেও কেন্দ্রে শাসক জোট এনডিএ-র শরিক ছিলেন তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু। এবার তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের কড়া সমালোচনা করলেন তিনি। তাঁর কথায়। আমরা কোথায় চলেছি? প্রতিদিন টাকার দাম পড়ছে। এভাবে চলতে থাকলে পেট্রলের দাম শীঘ্র ১০০ টাকা ছোঁবে।
অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে সোমবার এক সাংবাদিক বৈঠকে চন্দ্রবাবু নাইডু বলেন, টাকার দাম হয়তো ডলার পিছু ১০০ টাকা দাঁড়াবে। তখন এক ডলার দিয়ে এক লিটার তেল কিনতে পাওয়া যাবে।
সাধারণভাবে অর্থনীতির হাল নিয়ে তিনি বলেন, গত দুবছরে বিকাশের হার কমেছে। আর্থিক ক্ষেত্রে এখন কোনও শৃঙ্খলা নেই।
চলতি বছরের শুরুতে এনডিএ-র সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে তেলুগু দেশম। তখন থেকেই চন্দ্রবাবু সরকারের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। তিনি আগে সরকারের নোটবন্দী সমর্থন করেছিলেন। কিন্তু এদিন তার বিরোধিতা করে বলেন, দেশের প্রতিটি নাগরিক এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকী এখনও অনেক জায়গায় এটিএম থেকে টাকা তুলতে অসুবিধা হচ্ছে।