দ্য ওয়াল ব্যুরো: ডিয়ার মিস্টার জেটলি, রাফায়েল নিয়ে জেপিসি গড়ার জন্য আপনাকে যে সময় দেওয়া হয়েছিল, তার ছয় ঘণ্টাও আর বাকি নেই। দেশের তরুণ-তরুণীরা অপেক্ষা করছে। আমার ধারণা, আপনি মোদীজি ও অনিল আম্বানিজিকে বোঝাচ্ছেন, কেন জেপিসির দাবি মেনে নেওয়া উচিত।
বৃহস্পতিবার এমনই টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বুধবার দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে রাফায়েল কেলেঙ্কারিতে জেপিসি অর্থাৎ যৌথ সংসদীয় কমিটি গঠন করা হোক। তাঁর অভিযোগ উড়িয়ে দিয়ে বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, কেলেঙ্কারির অভিযোগ মিথ্যা। এনডিএ সরকার সুবিধাজনক দামেই ওই বিমান কিনেছে। বিজেপির সভাপতি রাহুলকে কটাক্ষ করে টুইটারে লেখেন, জেপিসি-র জন্য আপনাকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে কেন? আপনারাই তো জেপিসি। তার মানে ঝুটি পার্টি কংগ্রেস।
https://twitter.com/RahulGandhi/status/1035055021245845505
https://twitter.com/AmitShah/status/1034798339651334144
কিন্তু রাহুল যে বিজেপিকে সহজে ছাড়তে রাজি নন, তা বোঝা গিয়েছে তাঁর বৃহস্পতিবারের টুইট থেকে। তাঁর অভিযোগ, ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য এনডিএ সরকার যে চুক্তি করেছে, তাতে ক্ষতি হয়েছে ভারতের । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানি যাতে সুবিধা পান, তার ব্যবস্থা করা আছে চুক্তিতে। সেজন্যই রাহুল লিখেছেন, অরুণ জেটলি নিশ্চয় মোদী ও অনিল আম্বানিকে বোঝাচ্ছেন, যৌথ সংসদীয় কমিটি গঠন করলেই ভালো হবে ।
২০১৯ সালে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল রাফায়েল কেলেঙ্কারিকে বড় ইস্যু করতে চায় । ১৯৮৯ সালের ভোটে বফর্স যেমন কংগ্রেসের বিরুদ্ধে বিরাট ইস্যু হয়ে উঠেছিল, এবার বিজেপিকেও তেমন রাফায়েল নিয়ে ভুগতে হতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।