মারাঠি ভাষায় লেখা কাগজে পুলিশ জোর করে সই করিয়েছে ভারভারা রাওকে, অভিযোগ
দ্য ওয়াল ব্যুরো : প্রবীণ তেলুগু সাহিত্যিক ভারভারা রাওকে গ্রেফতার করার পরে পুলিশ নাকি তাঁকে জোর করে মারাঠি ভাষায় লেখা পাঁচনামায় সই করিয়ে নিয়েছে। বুধবার এমনই অভিযোগ করেছেন তাঁর জামাই তথা সাংবাদিক এন বেণুগোপাল।
কোনও ব্যক্তিকে গ্রেফতার করার পর
শেষ আপডেট: 29 August 2018 08:09
দ্য ওয়াল ব্যুরো : প্রবীণ তেলুগু সাহিত্যিক ভারভারা রাওকে গ্রেফতার করার পরে পুলিশ নাকি তাঁকে জোর করে মারাঠি ভাষায় লেখা পাঁচনামায় সই করিয়ে নিয়েছে। বুধবার এমনই অভিযোগ করেছেন তাঁর জামাই তথা সাংবাদিক এন বেণুগোপাল।
কোনও ব্যক্তিকে গ্রেফতার করার পরে পুলিশ তাঁকে এবং কয়েকজন সাক্ষীকে পাঁচনামায় সই করায়। সেই ব্যক্তিকে কখন, কোথায়, কীভাবে গ্রেফতার করা হয়েছে, তা পাঁচনামায় নথিভুক্ত থাকে। নিয়ম হল পাঁচনামা এমন ভাষায় লেখা হবে যা ধৃত ব্যক্তি ও সাক্ষীরা বুঝতে পারেন। ভারভারা রাও মারাঠি ভাষা জানেন না। বেণুগোপালের অভিযোগ, পুলিশ বেআইনি কাজ করেছে।
মঙ্গলবার হায়দরাবাদে নিজের বাড়ি থেকে পুলিশ ভারভারা রাওকে গ্রেফতার করে। পরে তাঁকে নামপল্লী আদালতে পেশ করা হয়। সম্ভবত শীঘ্র তাঁকে পুনে নিয়ে যাওয়া হবে। বুধবার দিল্লিতে বেণুগোপাল বলেন, কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই পুলিশ ভারভারা রাওয়ের বাড়িতে ঢুকে পড়ে। তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়। ল্যান্ড লাইনও কেটে দেয়। প্রায় আট ঘন্টা তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
প্রবীণ কবির আত্মীয়স্বজনের আশঙ্কা, পুলিশ হেপাজতে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাঁর বয়স ৭৮ বছর। শরীরের অবস্থা ভালো নয়। দিনে বেশ কয়েকটি ওষুধ খেতে হয়। পুলিশ যদি সেসব না দেয়, অসুস্থ হয়ে পড়বেন।