মোদীকে খুনের চক্রান্ত, ধৃত মাওবাদী তাত্ত্বিক ভারভারা রাও
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ভোরে মাওবাদী তাত্ত্বিক ভারভারা রাওয়ের হায়দরাবাদের বাড়িতে হানা দিল পুনে পুলিশ। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত। ওই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শারীরিক পরীক্ষার জন্য পা
শেষ আপডেট: 28 August 2018 11:05
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ভোরে মাওবাদী তাত্ত্বিক ভারভারা রাওয়ের হায়দরাবাদের বাড়িতে হানা দিল পুনে পুলিশ। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত। ওই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। পুনেয় নিয়ে যাওয়ার আগে সম্ভবত তাঁকে হায়দরাবাদের আদালতে পেশ করা হবে।
গত ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা কোরেগাওঁ অঞ্চলে এক দলিত সমাবেশকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে। ওই সমাবেশে মাওবাদী বুদ্ধিজীবীরা উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ। ভীমা কোরেগাওঁ অঞ্চলটি যেহেতু পুনের কাছাকাছি, তাই পুনে পুলিশ তদন্ত করতে নামে। জুন মাসে ওই গোলমালে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের একজনের কাছে একটি চিঠি পাওয়া যায়। তাতে লেখা ছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতোই মোদীকে হত্যা করতে হবে। সেজন্য এম ফোর রাইফেল ও বিপুল সংখ্যক গুলি কিনতে হবে। তার দাম চাই আট কোটি টাকা।
ওই চিঠিতেই ভারভারা রাওয়ের নাম লেখা ছিল বলে পুলিশের দাবি।
ভারভারা রাও 'বিরসম' নামে এক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি পুলিশের অভিযোগের তীব্র প্রতিবাদ করে বলেন, যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা কেউ ষড়যন্ত্রকারী নন। তাঁরা গরিব মানুষের উন্নতির জন্য কাজ করছিলেন।