দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার ছত্তিশগড়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণসভা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্মরণসভার আয়োজন করেছিল রাজ্যের বিজেপি সরকার। সেখানে দেখা যায় নিজেদের মধ্যে কোনও এক রসিকতা করে হেসে গড়িয়ে পড়ছেন দুই মন্ত্রী। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ছবি এনডিটিভির সৌজন্যে
https://www.youtube.com/watch?v=2Th6PjDJqY0
গত বুধবার ছত্তিশগড়ে বাজপেয়ীর অস্থিকলস পৌঁছায়। রাজ্যের সবকটি গুরুত্বপূর্ণ নদীতে বাজপেয়ীর অস্থি বিসর্জন দেওয়া হবে। তার আগে বৃহস্পতিবার স্মরণসভার আয়োজন হয়েছিল। সেখানে কৃষিমন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল ও স্বাস্থ্যমন্ত্রী অজয় চন্দ্রকরকে দেখা যায় কথা বলতে বলতে হাসছেন। তাঁরা দুজনেই মঞ্চে ছিলেন। হাসতে হাসতে চন্দ্রকরকে সামনের টেবিল চাপড়াতে দেখা যায়। এমন সময় তাঁর হাত ধরে টানেন রাজ্যের বিজেপি সভাপতি ধর্মলাল কৌশিক। তিনি সম্ভবত দুজনকে সতর্ক করে দিচ্ছিলেন, স্মরণসভায় ওইভাবে হাসাহাসি করা উচিত নয়। মুখ্যমন্ত্রী রমন সিংও তখন মঞ্চে ছিলেন।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈলেশনাথ ত্রিবেদী দুই মন্ত্রীর আচরণের নিন্দা করে বলেছেন, জীবিত অবস্থায় অটলজিকে বিজেপি নেতারা অবহেলা করেছেন। মৃত্যুর পরে তাঁকে অসম্মান করছেন। তাঁর মৃত্যুতে রমন সিং যে শোক প্রকাশ করেছেন, তা নাটক মাত্র।