দ্য ওয়াল ব্যুরো : প্রথমে ঠিক ছিল পশ্চিমবঙ্গের মধ্যে কেবল গঙ্গাসাগরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন করা হবে। সেইমতো প্রস্তুতি নিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতারা। কিন্তু পরে দিল্লি থেকে নির্দেশ আসে, বাজপেয়ীর অস্থি বিসর্জনকে বড় কর্মসূচির রূপ দিতে হবে পশ্চিমবঙ্গ জুড়ে।
সেইমতো ঠিক হয়েছে গঙ্গাসাগরের পরে শিলিগুড়ির মহানন্দায় এবং ফরাক্কা, নবদ্বীপ ও ত্রিবেণীতে গঙ্গায় বাজপেয়ীর অস্থি বিসর্জন করা হবে। শুক্রবার অস্থি বিসর্জন হবে গঙ্গাসাগরে। অন্যান্য স্থানে কবে অস্থি বিসর্জন করা হবে, রাজ্যের বিজেপি নেতারা ঠিক করবেন তার পরে।
গত শুক্রবার প্রয়াত হন অটলবিহারী বাজপেয়ী । ২০০৪ সালে এনডিএ ক্ষমতা হারানোর পরে তিনি আর খুব বেশি প্রকাশ্যে আসতেন না। মানুষ তাঁকে উদারপন্থী, বিনয়ী, ভদ্র এক নেতা হিসাবে মনে রেখেছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলমতনির্বিশেষে বহু মানুষ ।
শনিবার বাজপেয়ীর শেষযাত্রায় অনুগমন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি অমিত শাহ অ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী । তাঁদের সঙ্গে ছিলেন কয়েক হাজার দলীয় কর্মী । তাঁর মুখাগ্নি করেন পালিতা কন্যা নমিতা কাউল ।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্মৃতিস্থলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হয় । শেষকৃত্যে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ ।