দ্য ওয়াল ব্যুরো : ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড ছুঁড়েছিল জঙ্গিরা। শুধু হাসিনা নয়, আওয়ামি লিগের প্রথম সারির নেতৃত্বকেই শেষ করে ফেলার পরিকল্পনা ছিল। তার ১৪ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেন, ওই হামলার পিছনে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সেদিন বিকালে বঙ্গবন্ধু ওয়াবিনেতে আওয়ামি লিগের মিছিল হওয়ার কথা ছিল। তার আগে দলের অফিসের সামনে এক ট্রাকে দাঁড়িয়েছিলেন হাসিনা। তাঁর ভাষণের পরেই মিছিল শুরু হওয়ার কথা ছিল।
হাসিনা ভাষণ শুরু করার আগে ট্রাক লক্ষ করে ১৩টি গ্রেনেড ছোঁড়া হয়। দলের নেতারা মানববর্ম তৈরী করে হাসিনাকে রক্ষা করেন। কিন্তু তাঁর শ্রবণশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই হামলায় নিহত হন ২৪ জন। আহত হন অনেকে।
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে আছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। হাসিনা এদিন বলেন, আগে কখনও এমন প্রকাশ্যে হামলা হয়েছে বলে আমার জানা নেই। করা এর পিছনে রয়েছে, সবাই বোঝে।
খালেদা জিয়াকে উদ্ধৃত করে হাসিনা বলেন, তাঁরা একবার মন্তব্য করেছিলেন, ১৫ অগাস্ট যেমন আমার বাবার মৃত্যু হয়েছিল, আমিও নাকি সেই পথে যাব। খালেদা আর একবার ভাষণে বলেছিলেন, হাসিনা প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধী নেত্রীও হতে পারবে না। তার পরেই আমার ওপরে হামলা হয়।
ওই হামলায় নিহতদের স্মরণে এদিন আওয়ামি লিগের কার্যালয়ের সামনে শহিদ বেদিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।