দ্য ওয়াল ব্যুরো : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৪ তম জন্মদিন ছিল সোমবার। এই উপলক্ষে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে স্মৃতিচারণ করেছেন, আমার বাবা ছিলেন শান্ত, দয়ালু ও স্নেহপ্রবণ মানুষ। আমি তাঁর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তিনি জীবিত থাকতে অনেকগুলো জন্মদিন একসঙ্গে পালন করেছি। তাঁকে খুব মিস করি। তাঁর স্মৃতি এখনও আমার মনে অম্লান।
https://twitter.com/RahulGandhi/status/1031375155669422080
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে বলেছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবজির জন্মদিনে তাঁকে স্মরণ করি। দেশের জন্য তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে মনে রাখব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, জন্মদিনে রাজীব গান্ধীকে স্মরণ করি।
https://twitter.com/narendramodi/status/1031377322627059712
রাহুল, তাঁর বোন প্রিয়াংকা গান্ধী ও মা সোনিয়া গান্ধী এদিন বীরভূমিতে গিয়ে রাজীব গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেসের অন্যান্য বড় নেতাও গিয়েছিলেন।
১৯৪৪ সালের ২০ অগাস্ট রাজীব গান্ধীর জন্ম হয়। মা ইন্দিরা গান্ধী শিখ উগ্রপন্থীদের হাতে খুন হওয়ার পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন তাঁর বয়স ৪০। এত কম বয়সে আর কেউ এদেশের প্রধানমন্ত্রী হননি। ১৯৮৪ থেকে '৮৯ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে জনসভার সময় এক আত্মঘাতী বোমারু তাঁকে হত্যা করে।