দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানায় নিজেদের গ্রামে গোরক্ষক সেনা তৈরি করেছিল দুই যুবক। তারাই ভিডিও বার্তায় সগর্বে দাবি করেছে, বিতর্কিত ছাত্রনেতা উমর খালিদকে গুলি চালিয়ে মারতে চেষ্টা করেছিল। ওই হল দেশবাসীর প্রতি তাদের স্বাধীনতার উপহার। পুলিশ এখন দুজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
ভিডিওয় বন্দুকবাজরা নিজেদের নাম বলেছে নবীন দালাল আর দরবেশ শাহপুর। বাড়ি হরিয়ানার ঝজ্জর জেলার মনদথি গ্রামে। তাদের ধরার জন্য পুলিশের পরিশ্রম করার দরকার নেই। শুক্রবার শিখ স্বাধীনতা সংগ্রামী কর্তার সিংয়ের গ্রামে গিয়ে তারা ধরা দেবে।
শাহপুর ভিডিওয় বলেছে, আমরা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি। কিন্তু সংবিধানে পাগলা কুকুরদের শাস্তি দেওয়ার কোনও ব্যবস্থা নেই। পাগলা কুকুর বলতে আমরা জেএনইউয়ের সেই গ্যাংকে বোঝাতে চাইছি যারা দেশকে দিন দিন দুর্বল করে দিচ্ছে। ক্রমশ তারা সংখ্যায় বাড়ছে । বড়রা আমাদের শিখিয়েছেন, এই কুকুরদের শাস্তি দিতে হয়।
পুলিশ জানিয়েছে, দেশি পিস্তল থেকে নবীন দালাল উমর খালিদের দিকে গুলি চালিয়েছিল। একবার গুলি চালানোর পরে ট্রিগার জ্যাম হয়ে যায়। তার মোবাইল ডাটা ঘেঁটে দেখা গিয়েছে, সে প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের কাছে গিয়েছিল। তারপরে যায় আকাশবাণী ভবনে। সেখান থেকে যায় কনস্টিটিউশন ক্লাবের কাছে। সেখানেই উমর খালিদকে লক্ষ করে গুলি চালায় ।
মন্দথি গ্রামের সরপঞ্চ সৎপাল দালাল বলেছেন, ওই দুই যুবক গ্রামে নিজস্ব গো সেনা তৈরি করেছিল। গরু উদ্ধার করতে গিয়ে আইনি ঝামেলায় পড়লে আমি তাদের বাঁচাতাম।