দ্য ওয়াল ব্যুরো : বুধবার ভোর চারটের সময় উজান অসমের সতিয়া অঞ্চলে টেম্পোয় চড়ে যাচ্ছিল চারজন। স্থানীয় মানুষের সন্দেহ হয়, তারা গরু চুরি করে পালাচ্ছে। অন্তত ২০ জন লাঠিসোঁটা নিয়ে টেম্পোর ওপরে চড়াও হয়। গাড়ির চালক পালিয়ে যায়।
মারধরে নিহত হয় একজন। অপর তিনজন গুরুতর আহত হয়। মোবাইলে পুরো ঘটনার ভিডিও তোলা হয়েছে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, আহতরা রক্তাক্ত অবস্থায় হাত জোড় করে মাটিতে বসে আছে, কাকুতি-মিনতি করছে। কিন্তু সেদিকে কান না দিয়ে জনতা ঘুষি, লাথি বর্ষণ করছে তাদের ওপর।
হতাহতরা প্রত্যেকে আদিবাসী। তারা স্থানীয় চা বাগানের কর্মী । তাদের একজন বলেছে, আমরা দিপলুঙা চা বাগানে শুয়োর কিনতে গিয়েছিলাম। কিন্তু কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের টেম্পো আটকায়। তাদের ধারণা, আমরা গরুচোর। আমরা বলার চেষ্টা করলাম, শুয়োর নিয়ে যাচ্ছি। কিন্তু তারা শুনল না।
পুলিশ অবশ্য বলেছে, ওই চারজন সত্যিই গরু চুরি করে পালাচ্ছিল। তাদের টেম্পো থেকে দুটি চোরাই গরু পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে এফআইআর করা হয়েছে। যারা তাদের আক্রমণ করেছিল, তাদের সন্ধানেও চলছে তল্লাশি। এখনও কেউ গ্রেফতার হয়নি।
এর আগে অসমের নওগাঁতে গরু চোর সন্দেহে জনতা দুজনকে পিটিয়ে মারে। কার্বি আংলং জেলায় শিশুচোর সন্দেহে পিটিয়ে মারা হয় দুজনকে।