ইয়েমেনে স্কুলবাসে সৌদি রকেট হামলা, নিহত অন্তত ২০টি শিশু
দ্য ওয়াল ব্যুরো : গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে রকেট হানার শিকার হল শিশুরা। বৃহস্পতিবার সকালে ইয়েমেনের বিদ্রোহী অধ্যুষিত সাদ প্রদেশের দাহিয়ান বাজারের ওপর দিয়ে যাচ্ছিল এক স্কুলবাস। এমন সময় রকেট হামলা চালায় সৌদি আরবের সেনা। রেড ক্রশ থেকে জানানো
শেষ আপডেট: 9 August 2018 11:49
দ্য ওয়াল ব্যুরো : গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে রকেট হানার শিকার হল শিশুরা। বৃহস্পতিবার সকালে ইয়েমেনের বিদ্রোহী অধ্যুষিত সাদ প্রদেশের দাহিয়ান বাজারের ওপর দিয়ে যাচ্ছিল এক স্কুলবাস। এমন সময় রকেট হামলা চালায় সৌদি আরবের সেনা। রেড ক্রশ থেকে জানানো হয়েছে, নিহত অন্তত ২০টি শিশু। তাদের বেশিরভাগের বয়স ১০-এর নীচে।
রেড ক্রশ টুইটারে জানিয়েছে, তারা ইয়েমেনে যে হাসপাতাল চালায়, সেখানে কয়েক ডজন আহত ব্যক্তিকে আনা হয়েছে।
https://twitter.com/ICRC_ye/status/1027459027540893696
গত তিন বছরে ইয়েমেনে গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ১০ হাজার মানুষ। দেশে অশান্তির সূত্রপাত সেই ২০১১ সালে আরব বসন্তের সময়। সেবার গণ অভ্যুত্থানে একনায়ক আলী আবদুল্লা সালেহর পতন হয়। তাঁর সহকারী আবদুর রব্বা মনসুর হাদি ক্ষমতায় আসেন। কিন্তু তিনি সব দিক থেকে ব্যর্থ হন। তাঁর আমলে দুর্নীতি বাড়ে, খাদ্যের অভাব দেখা যায়, জঙ্গিরা শক্তিশালী হয়ে ওঠে । এই সুযোগে মাথা তোলে হাউথি শিয়া বিদ্রোহীরা।

২০১৪ সালে হাউথিদের সঙ্গে সরকারের লড়াই শুরু হয়। বিদ্রোহীরা দেশের উত্তরে সাদ প্রদেশ ও আশপাশের এলাকা দখল করে ফেলে। ২০১৫ সাল থেকে গৃহযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। তখন আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সহায়তায় সৌদি আরব ও আরও আটটি সুন্নি ইসলামী রাষ্ট্র হাদির সরকারকে সমর্থন করে ও হাউথিদের বিরুদ্ধে রকেট হানা চালাতে থাকে। তাদের আশঙ্কা হাউথিরা শক্তিশালী হয়ে উঠলে সেই সুযোগে প্রতিবেশী শিয়া মুসলিম দেশ ইরান ইয়েমেনের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলাবে। ইতিমধ্যে হাউথিরা ইরানের থেকে সাহায্য পাচ্ছে বলে সৌদি আরবের অভিযোগ। ইরান একথা অস্বীকার করেছে।
ইয়েমেনের গৃহযুদ্ধ থামার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার সেই সংঘর্ষেরই শিকার হয়েছে শিশুরা।