দ্য ওয়াল ব্যুরো : তিন তালাক নিষিদ্ধ করে লোকসভায় বিল পাস হয়েছিল গত ডিসেম্বরে। তাতে বলা হয়েছিল, তিন তালাক একটি জামিন অযোগ্য অপরাধ । কোনও মুসলিম ব্যক্তি স্ত্রীকে তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড ও জরিমানা হবে। ওই বিল নিয়ে তীব্র আপত্তি তোলেন বিরোধীরা। এদিকে বিরোধীদের সমর্থন ছাড়া রাজ্যসভায় ওই বিল পাস করানো সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সরকার ওই বিলের বিভিন্ন ধারা লঘু করে দিয়েছে বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, বিচারক ইচ্ছা করলে তিন তালাকের মামলায় অভিযুক্তকে জামিন দিতে পারবেন। এক্ষেত্রে অভিযোগ করতে পারবেন কেবল সংশ্লিষ্ট মহিলা ও তাঁর পরিবারের লোকজন।
বিরোধীরা তিন তালাক বিলে ওই পরিবর্তনগুলিই আনার দাবি করেছিলেন। এবার বিলটি রাজ্যসভায় পেশ হলে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।
সরকার বরাবর দাবি করে এসেছে, লিঙ্গসাম্য আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিন তালাক বিল। গত মাসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ওই বিল নিয়ে কটাক্ষ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সংসদে মহিলাদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি পালন করুন। তখন রবিশঙ্কর প্রসাদ বলেন, আপনি আগে তিন তালাক বিল সমর্থন করুন।