দ্য ওয়াল ব্যুরো : বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির গেট। রক্ষীরা বাধা দিতে এলে গুলি চালিয়ে মেরে ফেলা হবে তাদেরও। তারপর ছুরি অথবা বন্দুক নিয়ে আক্রমণ করা হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে। এমনই প্ল্যান করেছিল নাইমুর জ্যাকেরিয়া রহমান। তার বয়স ২১। সে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ধরা পড়ার পরে বিচারে তার ৩০ বছরের জেল হয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে হামলা চালানোর আগেই তাকে গ্রেফতার করে ফেলেন এফবিআই এবং ব্রিটেনের এম ফিফটিন বাহিনীর গোয়েন্দারা। আচমকাই তাঁরা রহমানের ষড়যন্ত্রের কথা জানতে পারেন।
গত বছর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সে মোবাইল থেকে কয়েকজন কিশোরীকে অশ্লীল ছবি পাঠিয়েছে। তখন পুলিশ তাকে জেরা করে। তার মোবাইলটিও ঘেঁটে দেখে। তখনই জানা যায়, সে আইসিসির সমর্থক। তারপর গোয়েন্দারা জঙ্গিদের এজেন্ট সেজে তার সঙ্গে যোগাযোগ করেন। বিশ্বাস করে সে তাঁদের সব কথা খুলে বলে।
রহমান বলে, সে প্রধানমন্ত্রীকে মারার পরে সেন্ট্রাল লন্ডনে আর একটি বিস্ফোরণ ঘটাতে চায়। সে নিজেও ওই বিস্ফোরণে শহিদ হবে। সেজন্য তার একটা ভ্যান ও বোমা লাগানো ভেস্ট চাই।
শুক্রবার ওল্ড বেইলি কোর্টের বিচারক রহমানের দণ্ডাদেশ শোনানোর পরে গোয়েন্দাদের প্রশংসা করেন। কেননা তাঁদের জন্যই জঙ্গি হামলা ঠেকানো গিয়েছে।