দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার বিমানে চেপেছেন মা ও দিদিমা। চালক তাঁদেরই সন্তান। উড়ানের আগে তাই আশীর্বাদ নিতে ভুললেন না পাইলট। পা ছুঁয়ে প্রণাম সেরে তবেই ফিরলেন ককপিটে। এখনকার সময়ে বৃদ্ধ মা-বাবার উপর নির্যাতন যখন আদালতের চৌহদ্দি পার হয়, তখন এমন সুযোগ্য সন্তানের গুরুজনদের প্রতি শ্রদ্ধা নজির হয়ে দাঁড়ায়। ঘটনার ভিডিও তাই মন জয় করেছে দেশবাসীর।
বিমান চালকের নাম প্রদীপ কৃষ্ণান। ইন্ডিগোর বিমান চালাচ্ছেন সাত বছর হল। এই প্রথম বার নিজের মা ও দিদিমাকে বিমানে চাপিয়ে চেন্নাই থেকে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছেন। তাই উড়ানের আগে তাঁদের প্রণাম করেই নিজের কর্তব্য শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রদীপেরই এক বন্ধু। ভিডিওতে দেখা গেছে, যাত্রী আসনে বসে রয়েছেন দুই বয়স্কা মহিলা। বিমান ছাড়ার আগে গোছগাছ করে নিজেদের সিটে বসছেন যাত্রীরা। সবাইকে সরিয়ে ভিতরে গিয়ে দুই মহিলার পা ছুঁয়ে প্রণাম করলেন এক তরুণ। মুখে আবেগ ও শ্রদ্ধা মেশানো হাসি। মহিলাদের মুখে অনাবিল আনন্দ। গর্বের হাসি। ছেলের হাত ধরে পাশে থাকার আশ্বাস দিলেন মা।
https://www.facebook.com/nagarjun.dwarakanath/videos/10157306739364252/
ঘটনা এইটুকুই। আপাতদৃষ্টিতে মনে হবে নিতান্তই সামান্য ঘটনা। আকছাড় ঘটে। তবে সামান্য কিছু ঘটনাই বর্তমান সমস্যাবহুল জীবনে বড় আসামান্য হয়ে ধরা দেয়। যেমন এই ভিডিওটি মন ছুঁয়ে গেছে অসংখ্য ভিউয়ারের। লাইক এবং শেয়ার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রদীপের বন্ধু জানিয়েছেন, এটা প্রদীপের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। যাঁদের স্নেহচ্ছায়ায় পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করেছেন, তাঁদেরই নিজের উড়ানে সঙ্গী করার বাসনা অনেকদিন ধরেই মনে মনে পোষণ করেছেন। সেটা সত্যি হওয়াতে আবেগ, আনন্দ ও শ্রদ্ধা একই সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। তাই পেশাদারিত্বের আগে অভিভাবকদের প্রত কর্তব্যকেই প্রাধান্য দিয়েছেন পাইলট।