দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দর চত্বরেই আগুন লাগল যাত্রীবোঝাই বাসে। দমকলকর্মী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা।
ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার সন্ধে নাগাদ চেন্নাই বিমানবন্দরে। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বাস থেকে হঠাৎই ধোঁয়া বার হতে দেখা যায়। বাসটিতে সে সময় জনা পঞ্চাশ যাত্রী ছিলেন। আতঙ্কে চিৎকার করতে শুরু করেন যাত্রীরা। বাস থেকে নামারও চেষ্টা করেন তাঁরা।
পরিস্থিতি আঁচ করে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষরা। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়।
বাসের এক যাত্রীর কথায়, খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাঁর কথায়, ‘‘বাসের খুব বেশি ক্ষতি হয়নি। যাত্রীরাও সবাই সুরক্ষিত রয়েছেন। তাড়াতাড়ি আগুন বাগে না এলে বড় ক্ষতি হতে পারত।’’
বিমানবন্দর কর্তৃপক্ষরা জানিয়েছেন, বাসে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।