দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই ভারতের বাজারে লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। এর মাঝেই ফের চমক দিতে চলেছে দক্ষিণ কোরিয়ার এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা। স্যামসাঙের তরফে থেকে ঘোষণা করা হয়েছে, গ্যালাক্সি এম সিরিজের সঙ্গে ভারতের বাজার কাঁপাবে গ্যালাক্সি এ সিরিজের নতুন একগুচ্ছ মডেল। আর দামও নাকি হবে মধ্যবিত্তের নাগালের মধ্যেই। চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যেই ভারতের প্রায় সমস্ত বিপণনিতে চলে আসবে এম ও সিরিজের নতুন সেট।
স্যামসাঙের বাজার ধরতে ইতিমধ্যেই ভারতের বাজারে ছেয়ে গিয়েছে চিনা সংস্থা শাওমি। অপো ও ভিভোর বাজারও বেশ রমরমা। মাঝারি দামের মোবাইলের প্রতিযোগিতায় টিকে থাকতেই নতুন ফিচারের এই মোবাইল আনল স্যামসাং। জানুয়ারির মাঝামাঝি লঞ্চ করবে গ্যালাক্সি এম সিরিজের তিনটি নতুন মডেল—গ্যালাক্সি এম১০, গ্যালাক্সিএম২০, গ্যালাক্সি এম৩০। স্যামসাঙের তরফ থেকে জানানো হয়েছে, এম সিরিজের সঙ্গেই নতুন ফিচার নিয়ে ভারতের বাজারে আসবে এ সিরিজের দশটি ঝাঁ চকচকে মডেল।
এ সিরিজের নতুন মডেলগুলি এক ঝলকে—এসএম-এ১০৫,এসএম-এ২০২, এসএম-এ২০৫, এসএম-এ২৬০, এসএম-এ৩০৫, এসএম-এ৪০৫, এসএম-এ৫০৫, এসএম-এ৭০৫ ও এসএম-এ৯০৫। গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোনের দাম শুরু হবে ২৫ হাজার থেকে। আর এম সিরিজ মিলবে ১০-১৫ হাজার টাকার মধ্যেই।
এম সিরিজের বিশেষ আকর্ষণ হল উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি। ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকবে এতে। স্যামসাঙের অন্য কোনও স্মার্ট ফোনে এত উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এর আগে ছিল না। গ্যালাক্সি জে সিরিজের চেয়েও এই ফোনগুলি হবে অনেক ইউজার ফ্রেন্ডলি এবং রূপে-গুণে নজরকাড়া। এ সিরিজেও থাকছে চমক। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের পাশাপাশি TOF-3D সেন্সর, ডুয়াল অথবা ট্রিপল ব্যাক ক্যামেরা, ইনফিনিটি ও-ডিসপ্লে প্যানেল।
২০ ফেব্রুয়ারি স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের নতুন কিছু মডেল ভারতে লঞ্চ করার কথা আগেই ঘোষণা করেছিল স্যামসাং। তিন ধরনে ও ভিন্ন দামে এস১০ লাইট, এস১০ এবং এস১০ প্লাস ফোনগুলি বিশেষ ‘ফোল্ডেবল’ মডেলে মিলবে বলেই কানাঘুষো চলছে। তারই মধ্যে আবার আসবে গ্যালাক্সি এম ও এ সিরিজের নতুন মডেল। সব মিলিয়ে চলতি বছরে স্যামসাঙেরই বাজার। মডেল নাম মিলিয়ে আপনি তৈরি তো!