
শেষ আপডেট: 28 August 2023 05:55
দ্য ওয়াল ব্যুরো: ২ বছরের শিশুটি (2 years child stopped breathing) মা বাবার সঙ্গে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী ভিস্তারার বিমানে উঠেছিল। আচমকাই শ্বাস বন্ধ হয়ে যায় তাঁর। এ যাত্রায় হয়তো বাঁচানো যেত না তাকে যদি না সেই বিমানে উপস্থিত থাকতেন ৫ চিকিৎসক। দিল্লী এইমসের ওই ৫ চিকিৎসক প্রাণ বাঁচালেন ছোট্ট ওই খুদের। ঘটনাটি দিল্লি এইমসের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। এরপরই নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন ওই চিকিৎসকদের।
এইমসের টুইট অনুযায়ী, ওই শিশুর নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না, এবং শরীরের তাপমাত্রাও ধীরে ধীরে কমে যাচ্ছিল। সেই সময়েই জরুরি অস্ত্রোপচার করেন ওই ৫ চিকিৎসক। আইভি ক্যানুলা বসানো হয় শিশুটির হৃদযন্ত্রে। এরপরই ধীরে ধীরে রক্ত চলাচল স্বাভাবিক হয় ওই শিশুর। চিকিৎসকদের কথায় ওই শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। নাগপুরে প্রায় ৪৫ মিনিট চিকিৎসা করার পর একটু সুস্থ বোধ করলে ওই শিশুকে তুলে দেওয়া হয় শিশু চিকিৎসকের হাতে।
দিল্লি এইমসের এই টুইট দেখে ওই ৫ চিকিৎসকের প্রশংসায় মজেছেন নেটিজেনরা। নভদীপ কাউর, দমনদীপ সিং, ঋষভ জৈন, ঐশিকা এবং অভিচালা তক্ষক নামে ওই ৫ চিকিৎসক আপাতত ভাসছেন প্রশংসার বন্যায়। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন ওই ৫ চিকিৎসককে আবার কেউ কেউ জিজ্ঞাসা করছেন শিশুটি এখন কেমন আছে। সব মিলিয়ে, এই চিকিৎসকদের কাজের প্রতি দায়বদ্ধতাই যে বাঁচাল একটি শিশুর প্রাণ তা মানছেন সকলেই।
প্রসঙ্গত, গত শুক্রবার দিল্লি থেকে জব্বলপুরগামী একটি বিমানে একই ভাবে অসুস্থ হয়ে পড়েন একজন ৬১ বছর বয়সি প্রৌঢ়। বিমানে আচমকা অসুস্থ হয়ে পড়লে জয়পুরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সেই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বিমান কর্তৃপক্ষের তরফে।
নীল ঢাকনা দেওয়া সাদা এই পেনে জড়িয়ে নয়ের দশকের কত না স্মৃতি! রেনল্ডস নাকি বন্ধ করে দেবে