দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের মথুরায় এক অনাথ আশ্রমে বিষাক্ত খাবার পরিবেশন করা হয়েছিল চলতি সপ্তাহের গোড়ায়। বৃহস্পতিবার জানা গেল, সেই খাবার খেয়ে মারা গিয়েছে দু'জন। একজনের বয়স ছ'মাস। আর একজনের বয়স দু'বছরের মধ্যে। আরও ১০ টি শিশু গুরুতর অসুস্থ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মথুরার জেলাশাসক সর্বজ্ঞ রাম মিশ্র বলেন, ফুড পয়জনিং-এ ১২ টি শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের দু'জন মারা গিয়েছে। মৃতদের বয়স ছয় মাস থেকে দুই বছরের মধ্যে। অসুস্থদের অনেককে আগরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। তবে এখন অনেকে সুস্থ হয়ে উঠছে। অনাথ আশ্রম কর্তৃপক্ষ যদি আর একটু সতর্ক হত, তাহলে এমন ঘটত না।
জেলাশাসক বলেন, আরও আগেই ফুড পয়জনিং-এর কথা প্রশাসনকে জানানো উচিত ছিল। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দোষী তাদের কঠোর শাস্তি হবে।