
শেষ আপডেট: 3 November 2022 04:06
দ্য ওয়াল ব্যুরো: গরুর মাংস (Beef) বিক্রি করছেন, এই অভিযোগে দুই ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় শুধু অন্তর্বাস পরিয়ে হাঁটানো হল। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের (Chhattisgarh) বিলাসপুরে। পাশাপাশি চাবুক দিয়েও মারা হয় তাঁদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জোর বিতর্ক শুরু হয়েছে।
সূত্রের খবর, ওই দুই ব্যক্তির নাম নরসিংহ দাস (৫০) ও রামনিবাস মেহর (৫২)। অভিযোগ, তাঁরা বিলাসপুরের হাইকোর্ট কলোনি দিয়ে বস্তা ভর্তি করে গোমাংস নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে সেখানে হাজির হন বেশ কিছু স্থানীয় বাসিন্দা। এরপরই ওই দুই ব্যক্তিকে হেনস্থা করা শুরু হয়। বেশ খানিকক্ষণ পর তাঁরা দু'জন রেহাই চাইলেও উন্মত্ত জনতাকে থামেনি।
এরপরই দু'জনকে একেবারে বিবস্ত্র করে শুধুমাত্র অন্তর্বাস পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই দৃশ্যের ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয় নেটমাধ্যমে। অত্যাচারের এখানেই শেষ নয়। এরপর তাঁদেরকে চাবুক দিয়ে পেটানোও (Thrashed) হয় বলে অভিযোগ।
গোমাংস নিয়ে যাওয়ার জন্য যাঁরা ওই দুই ব্যক্তিকে নিগ্রহ করলেন তাঁদের বিরুদ্ধে পুলিশ কি কোনও ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের তরফে তেমনই আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ওই সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে। তবে এখনও অবধি কাউকে আটক করা হয়েছে বলে খবর মেলেনি।
কর্নাটকে প্রার্থী হতে দরখাস্ত ফি ৫ হাজার, ২ লাখ ডোনেশন, কংগ্রেসের অভিনব প্ল্যান