
শেষ আপডেট: 12 January 2023 06:18
দ্য ওয়াল ব্যুরো: দুই যুবকের হাতে আক্রান্ত হলেন মহিলা উবার ক্যাব চালক (female Uber driver)। জানা গেছে, ওই চারচাকা গাড়িতে পাথর ছুড়ে কাচ ভেঙে ছিনতাই (rob) করার চেষ্টা চালিয়েছিল ওই দুজন। ঘটনায় গুরুতর হয়েছেন ওই মহিলা ক্যাব চালক। গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) কাশ্মীর গেটে আন্তঃরাজ্য বাস টার্মিনাসের কাছে।
জানা গেছে, আক্রান্ত ওই মহিলার নাম প্রিয়াঙ্কা। তিনি দিল্লির সময়পুর বদলি এলাকার বাসিন্দা। তিনি সংবাদমাধ্যমে জানান, "আমি তখন এক ব্যক্তিকে পিকআপের জন্য ক্যাব নিয়ে যাচ্ছিলাম। রাতের দিকে ঘন কুয়াশার কারণে গাড়ির স্পিড খুব আস্তেই ছিল। হঠাৎই সেইসময় দুজন সামনে এসে পাথর ছুড়ে গাড়ির কাচ ভেঙে দেয়। পাথরটি ছিটকে এসে আমার মাথায় লাগে আর কাচের টুকরো সারা শরীরে ছড়িয়ে পড়ে।"
খানিক থেমে তিনি আরও বলেন, "এরপরই আমি তাদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নামি। কেন এভাবে পাথর ছুড়ল তা জিজ্ঞাসা করতেই দুজন আমার টাকার ব্যাগ নিয়ে পালাতে যায়। একজনের হাত ধরে ফেলার সঙ্গে সঙ্গে অপরজন আমার মোবাইলটি কেড়ে নিতে যায়। তবে আমি ফোনটি কোনওরকমে বাঁচিয়ে নিতে পেরেছি।"
ওই মহিলা ক্যাব চালকের আরও অভিযোগ, দুই ব্যক্তি তাঁর গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টাও করেছিল। এরপর তিনি চিৎকার শুরু করতেই দুই অভিযুক্তের একজন বিয়ারের বোতল নিয়ে তাঁর উপর আক্রমণ করে। ঘাড়ে ও বুকে আঘাত পান সেই উবার চালক। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর ঘাড় ও শরীর মিলিয়ে মোট ১০টি সেলাই পড়েছে।
একইসঙ্গে প্রিয়াঙ্কার দাবি, তিনি ওইসময় উবারের জরুরি নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, এমনকী প্যানিক বোতামটি দীর্ঘ সময় ধরে টিপেছিলেন। কিন্তু কোনও প্রতিক্রিয়া পাননি। এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। উবার কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে দিল্লি পুলিশ।