দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের ওপারে সক্রিয় হয়ে উঠেছে বালাকোট ঘাঁটি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে প্রায় ৫০০ জইশ জঙ্গি। এই খবর জানিয়েছিল দেশের গোয়েন্দা সংস্থাগুলো। এনআইএ সম্প্রতি জানিয়েছে, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনকে ছোট ছোট মডিউলে ভাগ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালাতে নির্দেশ দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। উপত্যকাতেও ফের সক্রিয় হয়ে উঠেছে হিজবুল গোষ্ঠী। সোমবার কাশ্মীরের গানডেরবাল জেলা থেকে দুই হিজবুল জঙ্গিকে পাকড়াও করেছে সেনা ও রাজ্য পুলিশের স্পেশাল টিম।
সেনা সূত্রে খবর, ধৃত দু’জনেই জানিয়েছে তারা হিজবুলের সক্রিয় সদস্য। নাম চান্দি খাতানা ও ওয়াজিদ আলি খাতানা। দু’জনেই রাজৌরির জান্দিওয়াড়ার বাসিন্দা। জেরায় দু’জনেই স্বীকার করেছে তারা উপত্যকার জঙ্গি ঘাঁটিগুলোতে অস্ত্রের যোগান দেয়। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, বড়সড় হামলা চালানোর জন্য লস্করের সঙ্গে হাত মিলিয়ে নাশকতার ছক কষছে হিজবুল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
গত মার্চেই জম্মুর একটি বাসস্ট্যান্ড চত্বরে গ্রেনেড হামলা চালায় হিজবুল গোষ্ঠী। ওই হামলায় আহত হন অন্তত ৩০ জন। মৃত্যু হয় এক যুবকের।
জাতীয় তদন্তকারী সংস্থা আগেই জানিয়েছিল, জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলার জন্য তৈরি হয়েছে জইশের আট থেকে দশ জন ফিদায়েঁ জঙ্গি। পুলওয়ামা ধাঁচে ফের চালানোর ছক কষা হচ্ছে। জম্মু, অবন্তীপুর, শ্রীনগর, পাঠানকোট ও হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।
২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনা জইশের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল জইশের একাধিক শিবির। এর পর সাত মাস কেটে গিয়েছে। ৩৭০ ধারা বিলোপের বিষয় নিয়ে এখন ভারত-পাকিস্তান মধ্যে টানাপড়েনের বেড়েছে। এরই মধ্যে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর, পাক সরকারের মদতে জঙ্গি গোষ্ঠীগুলি ফের তৎপর হয়েছে। জইশের কমান্ডার আব্দুল রউফ আসগরের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
বালাকোটে জইশ গোষ্ঠীর তৎপরতা নিয়ে সম্প্রতি রিপোর্ট দিয়েছে এনআইএ। সেই রিপোর্টে বলা হয়েছে, বালাকোটর জঙ্গি ঘাঁটিগুলোকে ফের গড়ে তুলতে নেমেছে জইশ-ই-মহম্মদ। এবং এ সবের পুরোটাই চলছে পাক মদতে। সীমান্তে ক্যাম্প করে রয়েছে অন্তত ৫০০ জঙ্গি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এনআইএ এও জানিয়েছে, নতুন করে মানসেরা, গুলপুর, কোটলির জঙ্গি শিবিরে প্রশিক্ষণ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে জইশ নতুন করে জঙ্গি নিয়োগ করছে। সেখানে ফিদায়েঁ প্রশিক্ষণ চলছে জোরকদমে।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…