
শেষ আপডেট: 25 June 2023 05:16
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী বায়ু দেরিতে বাংলায় প্রবেশ করলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ সেভাবে ভেজেনি। কিন্তু মহারাষ্ট্রের মুম্বইতে চিত্রটা সম্পূর্নই আলাদা। মাত্র এক রাতের বৃষ্টিতেই সেখানে ভেসে গেছে রাস্তাঘাট, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, উপড়ে পড়েছে গাছ। শুধু তাই নয়, নর্দমার জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে ২ জনের। পুলিশ এসে পরে জল ছেঁচে তাঁদের দেহ উদ্ধার করেছে।
গতকাল অর্থাৎ শনিবার রাতভর বৃষ্টি হয়েছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। তার জেরেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। প্রবল বৃষ্টির জেরে গোবন্দির ২ ব্যক্তি পিছলে গিয়ে পড়েন নর্দমার জমা জলে। ডুবে মৃত্যু হয়েছে ২ জনেরই। পরে বৃষ্টি কমার পর দমকল এবং পুলিশ এসে জল ছেঁচে ২ জনের মৃতদেহ উদ্ধার করে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, চেম্বুরে সারাদিনে ৮০.০৪ লিমিটার বৃষ্টি হয়েছে, ভিক্রোলিতে হয়েছে ৭৯.৭৬ মিলিমিটার, সিওনে ৬১.৯৮ মিলিমিটার, ঘাটকোপারে ৬১.৬৮ মিলিমিটার এবং মাতুঙ্গাতে বৃষ্টির পরিমাণ ৬১.২৫ মিলিমিটার। সন্ধ্যায় জারি করা একটি বিবৃতিতে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, এদিন বৃষ্টির কারণে ১১টি গাছ পড়ে গেছে। এছাড়াও রাত ৮টা পর্যন্ত শর্ট সার্কিটের সাতটি ঘটনার খবর মিলেছে।
পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টিতে আন্ধেরি সাবওয়ে জলে ডুবে গিয়েছিল, তার ফলে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল যানবাহন। এছাড়া মহালক্ষ্মী মন্দিরের আশেপাশের রাস্তা, বান্দ্রা-ওরলি সি-লিঙ্কের কাছে বেশ কিছু এলাকায় যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছিল। কুরলা, সান্তাক্রুজ এবং এসভি রোড এলাকাও জলমগ্ন হয়ে পড়েছিল।
প্রজ্ঞাদীপার রহস্যমৃত্যুতে জড়াল ৪ বাংলাদেশি ‘বন্ধু’র নাম, জেরা চলছে লিভ ইন সঙ্গীকে