দ্য ওয়াল ব্যুরো: মানুষের থেকে পশুদের শরীরে করোনার সংক্রমণ ছড়ানোর যথাযোগ্য প্রমাণ এখনও মেলেনি। তহে নিউ ইয়র্কে প্রথমবার দুটি পোষ্য বিড়ালের শরীরে ভাইরাসের খোঁজ মেলায় চিন্তায় ভাইরোলজিস্টরা। যদিও দুটি বিড়ালেরই শরীরে সংক্রমণ মৃদু। সামান্য শ্বাসের সমস্যা রয়েছে বিড়াল দুটির।
মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এবং সরকারের অধীনস্থ ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরোটরি (NVSL)জানিয়েছে, নিউ ইয়র্কের দুটি জায়গায় থেকে পোষ্য বিড়ালের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর এসেছে। বিড়াল দুটির তেমন কোনও উপসর্গ দেখা যায়নি। শ্বাসের সামান্য সমস্যা ছিল। পরীক্ষা করাতেই ধরা পড়ে তারা কোভিড-১৯ পজিটিভ। তবে সংক্রমণ সামান্যই, চিকিৎসায় দ্রুত তাদের সারিয়ে তোলা যাবে।
সিডিসি জানিয়েছে, একটি বিড়ালের মালিকের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সেই পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্য বিড়ালটি যে পরিবারের সঙ্গে থাকে তাদের কারও মধ্যে উপসর্গ ধরা পড়েনি। সিডিসি জানাচ্ছে, ওই পরিবারের সকল সদস্যের স্ক্রিনিং শুরু হযেছে। হতেই পারে পরিবারের কোনও সদস্য কোভিড পজিটিভ অথচ উপসর্গহীন। সেই সংস্পর্শ থেকেই বিড়ালের শরীরে ভাইরাস ছড়িয়েছে।
কিছুদিন আগে জার্নাল সায়েন্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন মানুষের থেকে বিড়ালে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এও দাবি করা হয়েছে, বিড়ালরা একে অপরের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। জার্নাল সায়েন্সের প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, কুকুর, শুয়োর, মুরগি বা হাঁসের মধ্যে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম। শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীর খুব কাছাকাছি যদি তার পোষ্য থাকে, তাহলে একটা আশঙ্কা থেকে যায়। বিজ্ঞানীদের দাবি, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন নাকি খুব সহজে বিড়ালের শরীরে বাসা বাঁধতে পারে। আক্রান্ত একটি বিড়ালের থেকে সংক্রমণ বাকিদের মধ্যেও ছড়াতে পারে। দাবি, কোভিড-১৯ সংক্রমণের বাহক হতে পারে বিড়ালও। যদিও এই দাবির সত্যতা এখনও সম্পূর্ণ নিশ্চিত করে বলা হয়নি।
চিনের বিজ্ঞানীরা আগেই দাবি করেছিলেন, বিড়াল ও ফেরেট জাতীয় ইউরোপীয়ান পোলক্যাটের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নাকি দেখা গেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারির মাঝামাঝি এই রিপোর্ট সামনে আসার পরে, বহু মানুষ তাদের পোষ্য কুকুর, বিড়ালদের বহুতল থেকে ছুড়ে হত্যা করেছিলেন। এই ঘটনা সামনে আসার পরে হু জানিয়েছিল, পোষ্যদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। অতএব পোষ্যদের প্রতি এমন অমানবিক আচরণ বন্ধ করা হোক। দু’একটা ক্ষেত্রে পোষ্য কুকুরের মধ্যে ভাইরাসের সংক্রমণ ছড়াতে দেখা গেছে, তবে সেই সংক্রমণও খুবই মৃদু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, পশুপাখির মধ্যে করোনার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারে গবেষণা চলছে। এখনই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।