
শেষ আপডেট: 17 January 2019 18:30
বৃদ্ধার মেয়েই জানিয়েছেন কী ভাবে চার পাশের অপরিচিতের ভিড়ে শুধু তাঁকেই আঁকড়ে ধরে থাকেন মা। মেয়ের নাম ভুলেছেন এক দশক হল। তবে পদবী রয়ে গেছে মনে। স্কুলে গিয়ে সেটাই আউড়ে যান অনর্গল। বাড়ির থেকে খানিক দূরেই কিন্টারগার্টেন। সেখানেই এক সময়ে পড়ত মেয়ে। স্কুল শেষে আনতে যেতেন বৃদ্ধা। এখন সব হারিয়ে ফেলার সময়ে, সেই স্কুলছুটির সময়টুকুকেই আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছেন স্মৃতির সঙ্গে।
তাই প্রতিদিন ওই নির্দিষ্ট সময়েই লাঠি হাতে গুটিগুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে চেপে বসেন বাসে। বাস থেকে নামেনও ঠিক স্টপেজে। স্কুলে গিয়ে নিরাপত্তাকর্মীর কাছে শুধু একটাই কথা বলেন, তাঁর মেয়ের পদবী। ‘বাই’। স্কুলের খাতা তন্নতন্ন করে খুঁজেও মেয়ের সেই নামটি না খুঁজে পেয়ে শেষে এক দিন স্কুল কর্তৃপক্ষ খবর দেন পুলিশে। পরে পুলিশই তাঁর মেয়ের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধাকে বাড়ি ফেরত পাঠান। তখন জানা যায় সব।
বৃদ্ধার মেয়ে জানিয়েছেন, ধাক্কাটা সব চেয়ে তীব্র হয়, প্রথম অসুখ ধরা পড়ার সময়ে। এক জন সুস্থ-স্বাভাবিক মানুষ হঠাৎ করে সব খুঁটিনাটি ভুলতে শুরু করেন। ভুলে যান, কেমন করে খাবারের গ্রাসটা তুলে মুখ পর্যন্ত নিয়ে যেতে হয়।
‘‘স্কুলের গণ্ডি পেরিয়েছি ত্রিশ বছর হয়ে গেল। কিন্তু, মা ভুলে গেছেন। এখনও ভাবেন আমি সেই ছোট্টটি রয়েছি, রোজ স্কুলে যাই,’’ চোখে জল উপচে পড়ে তরুণীর। বলেন, ‘‘মাকে যখন জিজ্ঞেস করি কেন গিয়েছিল স্কুলে? কী বলে জানেন? বলে, তোকে খুঁজতে।’’