দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালের ১৬ ডিসেম্বর। রাতের দিল্লিতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল নির্ভয়া। দেশ জোড়া আন্দোলন, আইনের কড়াকড়ির পরে কেটে গেছে ছ’বছর। এর পরেও দিল্লিতে মহিলা বা শিশুরা কতটা সুরক্ষিত সেই নিয়ে ফের উঠে গেল প্রশ্ন। নির্ভয়ার মৃত্যুর দিনেই রাজধানীতে ৪০ বছরের এক ব্য়ক্তির চরম যৌন লালসার শিকার হতে হল তিন বছরের এক শিশুকন্যাকে। যৌনাঙ্গে গভীর ক্ষত ও সারা গায়ে আঁচড়-কামড়ের দাগ নিয়ে রাস্তায় শিশুটিকে পড়ে থাকতে দেখে শিউরে উঠলেন এলাকার বাসিন্দারা।
পশ্চিম দিল্লির বিন্দাপুরে রবিবারের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির চিকিৎসা চলছে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর শিশুটির অবস্থা স্থিতিশীল। পাশবিক নির্যাতন চালানো হয়েছে তার উপর। একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ওইটুকু শরীরে।
পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগ আসে রবিবার সন্ধের দিকে। শিশুটির বাবা জানিয়েছেন, দুপুর ১টা নাগাদ সে খেলতে বাড়ির বাইরে গেছিল। বিকেলেও বাড়ি না ফেরায় তাঁরা খোঁজ শুরু করেন এলাকাতেই। বিকেল ৪টে নাগাদ বাড়ির কাছেই রাস্তার উপর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল অভিযুক্তও। লোকজন দেখে সে পালাবার চেষ্টা করলেই স্থানীয়রা তাকে ধরে ফেলে।
এলাকার বাসিন্দাদের কথায়, শিশুটি যে আবাসনে থাকে তারই নিরাপত্তাকর্মী ওই ব্যক্তি। দুপুরের দিকে অনেকেই তাকে দেখেন শিশুটিকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়ির দিকে যেতে। শিশুটিকে খেলতে নিয়ে যাওয়া হচ্ছে মনে করে কেউই সন্দেহ করেননি। পরে, শিশুটির অবস্থা থেকে তাকে পাকড়াও করেন এলাকাবাসীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। অচৈতন্য অবস্থায় পুলিশই তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। জেরায় নিজের অপরাধ শিকার করেছে সে। ডেপুটি কমিশনার (দ্বারকা) আন্তো আলফানসো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে।
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল গতকালই শিশুটিকে দেখতে হাসপাতালে যান। টুইটারে তিনি লিখেছেন, "শিশুটির শারীরিক অবস্থা ভালো নয়। খুবই দুর্ভাগ্যজনক, তিন বছরের শিশুর উপর এমন নির্যাতন চালানো হয়েছে। তার রক্তক্ষরণ হচ্ছিল। নির্ভয়ার ষষ্ঠতম মৃত্যুবার্ষিকীকে ফের শিশু ধর্ষণের ঘটনা ঘটল রাজধানীতে। নরেন্দ্র মোদীজি, এই নিয়ে ন’বার এমন ঘটনা ঘটল, দয়া করে উপযুক্ত ব্যবস্থা নিন।"