নো-পার্কিংয়ে গাড়ি রাখায়, নিজেকে নিজেই ফাইন করলেন ট্রাফিক কর্তা
দ্য ওয়াল ব্যুরো: নিয়মরক্ষার দায়িত্ব যাঁর কাঁধে, তিনিই কি না নিয়ম ভেঙে বসলেন! হায়দরাবাদের ট্রাফিক পুলিশর শীর্ষ কর্তা অনীল কুমার ভুল জায়গায় গাড়ি পার্ক করে এখন রীতিমতো অস্বস্তিতে। যাবতীয় নিয়ম মেনে ফাইন দিয়েই রেহাই পেয়েছেন তিনি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: 16 November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: নিয়মরক্ষার দায়িত্ব যাঁর কাঁধে, তিনিই কি না নিয়ম ভেঙে বসলেন! হায়দরাবাদের ট্রাফিক পুলিশর শীর্ষ কর্তা অনীল কুমার ভুল জায়গায় গাড়ি পার্ক করে এখন রীতিমতো অস্বস্তিতে। যাবতীয় নিয়ম মেনে ফাইন দিয়েই রেহাই পেয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গত বৃহস্পতিবার থানার কাছেই একটি নো-পার্কিং জোনে গাড়ি পার্ক করেন ট্রাফিক কর্তা। সেই ছবি তুলে ট্রাফিক পুলিশের কাছে পাঠিয়ে দেন পথচারীরাই। শুধু তাই নয়, ট্রাফিক কমিশনার অনিলের অধন্তন কর্মচারীদের কাছে তাঁরা একজোট হয়ে দাবি করেন যে এই কাজের উপযুক্ত ফাইন দিতেই হবে ট্রাফিক কর্তাকে।
মিডিয়ার সামনে ট্রাফিক কমিশনার বলেছেন, "মাকানকালি থানার সামনে বৃহস্পতিবার একটা কাজে গিয়েছিলাম। আমি খেয়ালই করিনি আমার গাড়ির চালক ভুল জায়গায় গাড়ি পার্ক করে ফেলেছে।" নিজের অধস্তন কর্মচারীদের দাবি মেনে ফাইন দিতে রাজিও হয়ে যান তিনি।
ট্রাফিক কর্তার কথায়, "আমি বলে দিয়েছিলাম আমার গাড়ি আটকে যেন উপযুক্ত ফাইন নেওয়ার ব্যবস্থা হয়। ভুল জায়গায় গাড়ি পার্ক করার জন্য আমি ইতিমধ্যেই ২৩৫ টাকা ফাইন দিয়ে দিয়েছি।"