দ্য ওয়াল ব্যুরো : এক কিশোরীকে টেনে হিঁচড়ে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কয়েকটি যুবক। শ্লীলতাহানি করারও চেষ্টা করছে। কিশোরীটি হাত জোড় করে ছেড়ে দিতে বলছে বারে বারে। সোমবার সন্ধ্যায় এমন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। খোঁজ নিয়ে জানা যায়, উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা। ভিডিওতে যে যুবকদের দেখা যাচ্ছিল, তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে। দুই যুবক পলাতক।
গত ১২ জুলাই মেয়েটিকে ওইভাবে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। তার মা সেদিন ক্ষেতে কাজ করছিলেন। মেয়েটি মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। পথে তার সঙ্গে এক বন্ধুর দেখা হয়। বন্ধুটি বলে, বাইকে ছড়িয়ে মেয়েটিকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। বাইকে চড়ে যখন তারা একটি বনের পথ দিয়ে যাচ্ছে, এমন সময় তাদের ঘিরে ধরে ছ'জন। তাদের মধ্যে নাবালকরাও ছিল।
ভিডিও ক্লিপে প্রথমে দেখা যায়, মেয়েটি মাটিতে বসে আছে। তাকে ঘিরে আছে পাঁচজন। তারা জিজ্ঞাসা করছে, তোরা জঙ্গলে কী করছিলি? তার সঙ্গে যে ছেলেটি ছিল, তাকে ধরে রয়েছে একজন। সে বলছে, আমাকে ছেড়ে দাও।
মেয়েটি পুলিশকে জানিয়েছে, আমাকে যখন জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছিল আমি খুব জোরে চেঁচাচ্ছিলাম। তাতেই তারা ভয় পেয়ে যায়। একটি ছেলে বলছিল, জানাজানি হলে পঞ্চায়েত বসবে। পালিয়ে আয়।
ঝাঁসি থানা থেকে জানানো হয়েছে, মেয়েটি নাবালিকা। ছেলেগুলিকে চিহ্নিত করা হয়েছে। মূল অভিযুক্ত ধরা পড়েছে।