দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসে তরুণী গণধর্ষণ-কাণ্ডে তেতে রয়েছে রাজস্থানের অলওয়ার। গত এক সপ্তাহে আরও পাঁচটি ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ মিলেছে রাজস্থানের নানা প্রান্ত থেকে। ফের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন কিশোরের বিরুদ্ধে। বছর চোদ্দর-র ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। পুলিশ জানিয়েছে,গণপ্রহারের ঘটনায় শনিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্ত বাকি দুই কিশোরকে জুভেনাইল হোমে রাখা হয়েছে। তাদের আদালতে তোলা হবে।
ঘটনা গত শুক্রবারের। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কিশোরীর পরিবার ওই তিন কিশোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেছে। অন্যদিকে, ছেলেকে পিটিয়ে মারার অভিযোগে কিশোরীর পরিবারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে কিশোরের পরিবারের লোকজন। এই দুই অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতা কিশোরীর পরিবারের দাবি, তাঁদের মেয়ের সঙ্গে আগেই আলাপ ছিল ওই তিন কিশোরের। তারাই মেয়েটিকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। অলওয়ারের পুলিশ সুপার অনীল দেশমুখের কথায়, গ্রামবাসীদের জেরা করে জানা গেছে তিন জনকে নাকি হাতেনাতে ধরে ফেলেন কিশোরীর পরিবারের লোকজন। দু'জন পালিয়ে গেলেও একজনকে পাকড়াও করে বেধড়ক মার শুরু হয়। মেয়েটির পরিবারের লোকজন ছাড়াও গ্রামের বেশ কয়েকজন লোক সামিল ছিলেন ওই গণপ্রহারের ঘটনায়। রক্তাক্ত অবস্থায় কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।
অন্যদিকে, নিহত কিশোরের পরিবারের দাবি, বিয়েবাড়িতে গিয়েছিল তাঁদের ছেলে। আগের কোনও আক্রোশ থেকে তাকে পিটিয়ে মারে কিশোরীর পরিবারের লোকজন। পুলিশ সুপার দেশমুখ জানিয়েছেন, বাকি দুই কিশোরকে জেরা করে ঘটনার সত্যতা জানার চেষ্টা চলছে।
গত ২৬ এপ্রিল স্বামীর সঙ্গে মোটরবাইক করে ফেরার সময় গণধর্ষণের শিকার হন এক তরুণী। অলওয়ারের সেই ধর্ষণের ঘটনার পর থেকে রাজস্থানের কংগ্রেস সরকারের সমালোচনায় মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিএসপি নেত্রী মায়াবতী। অভিযোগ, ভোটের মরসুমে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চাইছে অশোক গহলৌতের সরকার। সম্প্রতি সেই নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেছেন ন্যায়বিচারের আশ্বাস দিয়ে এসেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বলেছেন, "‘‘আক্রান্তেরা সুবিচার পাবেন। দোষীদের উপযুক্ত শাস্তি হবে। এ ধরনের ঘটনা সহ্য করা হবে না।"