
শেষ আপডেট: 21 January 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সোমবার অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। এই অনুষ্ঠান উপলক্ষে কালনাতেই প্রতিষ্ঠা করা হবে ১৪ ফুটের ভগবান রামচন্দ্রের মূর্তি। আপাতত এই মূর্তির শেষপর্বের প্রস্তুতি চলছে।
কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হবে রামের এই মূর্তি। মাস দেড়েক আগে কালনারই এক যুবক সমীর দাস, শিল্পী জগত মণ্ডলকে মূর্তি তৈরির জন্য বরাত দেন। চড়কতলায় রয়েছে জগতবাবুর আস্তানা। সেখানেই বেশ কয়েকজন সহ শিল্পীকে নিয়ে তিনি রামমূর্তির কাজ শুরু করেন।
শিল্পীর কথায়, ১৪ বছর রামচন্দ্র বনবাসে ছিলেন। তাই এই রামমূর্তি উচ্চতা ১৪ ফুট রেখেছেন তাঁরা। আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে কালনার আরএমসি মার্কেটের কাছে তাঁর হাতেই গড়া রামমূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা হবে।
মূল উদ্যোক্তা সমীর দাস বলেন, '' আমি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আর তাই যখন শুনতে পাই, ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তখনই এই মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম। প্রথমে দিকে কাউকে পাশে পাইনি। পরে বহু মানুষ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আগামীকাল এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। একটি মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে।''
এদিকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কালনা থানা এলাকার শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে রবিবার দুপুরে একটি মিছিল বের হয়েছিল। আগামীকাল সোমবার শ্রীরামপুর আশ্রমপাড়া দুর্গা মণ্ডপের সামনে ১৪ মণ কাঠ দিয়ে হোম যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা ধরে চলবে এই হোম। রবিবার সন্ধে থেকে রামগানের অনুষ্ঠান চলছে এলাকায়।
উদ্যোক্তা পলাশ মল্লিক, রঞ্জিত গাজী বলেন, '' রবিবার সকালে শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে হাটগাছা খাগড়াকুর কুশডাঙা হয়ে প্রায় কয়েক কিলোমিটার মিছিল হয়েছে। ১৪ মণ কাঠ দিয়ে হোম যজ্ঞের পাশাপাশি ২ হাজার মানুষের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে।''