দ্য ওয়াল ব্যুরো: রাগী নয়, একেবারেই ছাপোষা। হয়তো ঘোর সংসারীও। হাসি হাসি মুখ, উদাস দৃষ্টি, হাবভাবে শিশুর সরলতা। কোনওভাবে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে সে কিন্তু মোটেই ভীত নয়। দিব্যি হাসি হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। এমন একটি আপাত নিরীহ সিংহীর দেখা পেয়ে রীতিমতো আপ্লুত গুজরাটের আমরেলির গ্রামবাসীরা।
সিংহ কি হাসে? হয়তো ভাল মানুষের দেখা পেলে হাসে! এই সিংহী আসলে হেসেছিল কিনা সেটা বিষয় নয়, যেটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হল মানুষের দেখা পেয়েও আক্রমণের বিন্দুমাত্র চেষ্টা করেনি সে। বরং ঘরের কোনায় বসে খেলতেই বেশি ব্যস্ত ছিল।
সিংহীটির বাড়ি গুজরাটের গির অরণ্য। কোনও ভাবে পথ ভুল করে বা জেনে বুঝেই ভ্রমণের নেশায় আমরেলিতে চলে আসে। নাগালের মধ্যে এক চাষীর বাড়ি দেখে সটান ঢুকে পড়ে। বাড়ির পিছনের একটি খুপড়ি ধান রাখার ঘরে বেশ বহাল তবিয়তে হাত, পা ছড়িয়ে বসে। এই অবধি ঠিকই ছিল, কিন্তু অনাহুত কোনও অতিথি যে চুপিসাড়ে বাড়িতে ঢুকে পড়েছে সেটা বেশ টের পেয়েছিলেন চাষীর পরিবার। ঘরের ভিতর থেকে খুটুরখাটুর আওয়াজ, মাঝে মাঝে হালকা হুঙ্কার শুনে তাঁরা ভেবেছিলেন নির্ঘাত কোনও বন্যপ্রাণীই ঢুকেছে ঘরে। লোকজন জড়ো করে ঘর খোলার পরই সকলের চোখ কপালে। এ তো একটা আস্ত সিংহী! প্রথমে ভয় সিঁটিয়ে গেলেও সিংহীর আক্রমণ করার কোনও অভিপ্রায় না দেখে ভিডিও করা শুরু করেন সকলে। ফটাফট ছবিও উঠতে থাকে। সিংহীও বেশ হালকা মেজাজাই উপভোগ করতে থাকে গোটা বিষয়টাই। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে আবার কখনও ধান নিয়ে খেলতে খেলতেই মৃদু হুঙ্কারে আদরও জানিয়ে দেয় সকলকে।
এই সব ছবি ও ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। মন জয় করেছে ভিউয়ারদের। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, অনেক সময়ই এই সব প্রাণীরা লোকালয়ের কাছে চলে আসে। মানুষ ভয় পেয়ে হয় তাদের নির্মম ভাবে পিটিয়ে মারে, না হলে জখম করে ছেড়ে দেয়। গত কয়েক মাসে গির জাতীয় উদ্যানে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে প্রায় ২৩টি সিংহ-সিংহীর। এই মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে কোনও অজানা রোগের প্রাদুর্ভাব। তা ছাড়াও, কখনও চোরাশিকার, কখনও বা বৈদ্যুতিন বেড়ার কাছে চলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া-সহ নানা কারণে ২০১০ থেকে ২০১৫-র মধ্যে গড়ে ৬২টি সিংহের মৃত্যু হয়েছে গিরে।বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান যে সবসময় আতঙ্কের নয়, বরং তার মধ্যেও মনে ছাপ ফেলার মতো কিছু মুহূর্ত তৈরি হতে পারে, আমরেলির এই ঘটনাই তার প্রমাণ।
https://www.youtube.com/watch?v=IZx15oiOOv8&feature=youtu.be