দ্য ওয়াল ব্যুরো: মদের নেশা সর্বনাশা। এই নেশার ঘোরেই জ্যান্ত সাপ গিলে ফেলে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটা উত্তরপ্রদেশের আমরোহা জেলার। সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বছর চল্লিশের মহিপাল সিংহ পেশায় দিনমজুর। রোজই আকন্ঠ মদ্যপান না করলে তাঁর দিন শুরু হয় না। বুধবারও একই ভাবে মদ খেয়ে বাড়ির পথ ধরেছিলেন মহিপাল। হঠাৎই রাস্তার উপর একটি ছোট সাপকে এঁকেবেঁকে চলতে দেখে কৌতুহল হয় তাঁর। সাপটি হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করেন।
মহিপালকে এমন আজব কাণ্ড করতে দেখে মজা পেয়ে যান এলাকার লোকজন। তাঁকে ঘিরে একটি ছোটখাটো ভিড় জমে যায়। সাপ নিয়ে খেলা দেখানোর জন্য মহিপালকে নানা ভাবে উস্কানি দেওয়া শুরু হয়। তাতে আরও নেশা চড়ে যায় মহিপালের। শুরু হয় সাপ নিয়ে নানা কসরত।
https://youtu.be/HvJm-o_tGOI
কিন্তু, বিধি বাম। লোকজনের প্ররোচনায় সাপটি মুখের কাছে ধরে খেলা দেখাতে গিয়ে হাত ফস্কে সেটি চলে যায় সোজা গলায়। জ্যান্ত সাপ গিলে ফেলায় কিছুক্ষণের মধ্যেই বমি করতে থাকেন মহিপাল। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
অভাবের সংসারের একমাত্র রোজগেরে মহিপালের বাড়িতে রয়েছে তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে। রাজবপুরা কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার ধর্মেন্দ্র সিংহ বলেছেন, মহিপালের সাপ নিয়ে খেলা দেখানোর ছবি ও ভিডিও তোলে এলাকারই কয়েকজন। সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কয়েকজনের উস্কানিতেই সাপ নিয়ে মজা করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। এসএইচও জানিয়েছেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। সত্যিই মহিপালকে উস্কানি দেওয়া হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।