ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল বিমান, অলৌকিক রক্ষা ১২ বছরের ছেলের
দ্য ওয়াল ব্যুরো: অবতরণের সময় প্রায় হয়েই গিয়েছিল বিমানটির। আচমকা যোগাযাগ বিচ্ছিন্ন হয়ে গেল কন্ট্রোল রুমের সঙ্গে। এবং কিছু ক্ষণের মধ্যেই জঙ্গলে ভেঙে পড়ল সেটি। শনিবার গভীর রাতে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের একটি জঙ্গলের এই দুর্ঘটনায় কার্যত অলৌ
শেষ আপডেট: 13 August 2018 02:12
দ্য ওয়াল ব্যুরো: অবতরণের সময় প্রায় হয়েই গিয়েছিল বিমানটির। আচমকা যোগাযাগ বিচ্ছিন্ন হয়ে গেল কন্ট্রোল রুমের সঙ্গে। এবং কিছু ক্ষণের মধ্যেই জঙ্গলে ভেঙে পড়ল সেটি। শনিবার গভীর রাতে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের একটি জঙ্গলের এই দুর্ঘটনায় কার্যত অলৌকিক ভাবে রক্ষা পেয়েছে বছর বারোর এক বালক।
সূত্রের খবর, বিমানটি বোভেন দিগুল জেলার তনহা মেরহা থেকে ওকসিবিলে যাচ্ছিল। দু’জন পাইলট এবং সাতজন যাত্রী ছিল। এতটাই গভীর জঙ্গলে বিমানটি ভাঙে, উদ্ধারকাজ শুরু করতেই এক দিন লেগে যায়। রবিবার সকালে উদ্ধারকারীরা দু'ঘণ্টা ধরে গভীর জঙ্গল পেরিয়ে ধ্বংসস্তূপের কাছে পৌঁছে দেখেন, আটটি দেহ পড়ে রয়েছে। কিন্তু জীবিত রয়েছে ১২ বছরের একটি ছেলে!
জুমেইডি নামের ওই বালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সুইৎজ়ারল্যান্ডের একটি সংস্থা দ্বারা নির্মিত বিমানটি ঠিক কী কারণে ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার আগে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা।
একাধিক দ্বীপ দিয়ে তৈরি দেশ ইন্দোনেশিয়ায় যোগাযোগের একটা প্রধান মাধ্যম বিমান। কিন্তু গত কয়েক বছর ধরেই দুর্ঘটনার পরিসংখ্যান বলছে, সেখানকার পরিষেবা এবং পরিকাঠামো মোটেই পর্যাপ্ত নয়।