ডাক্তারের স্টিকার লাগানো এই গাড়িটিই বাজেয়াপ্ত করেছে পুলিশ
শেষ আপডেট: 23 November 2024 16:13
দ্য ওয়াল ব্যুরো: একেবারে কেঁচো খুঁড়তে কেউটের মতো ঘটনা। গাড়ির মধ্যে সাঁটানো রয়েছে ডাক্তারের স্টিকার। দূর থেকে বোঝার উপায় নেই ভেতরে ছবিটা কী। নাকা চেকিং করতে গিয়েই চক্ষু চড়কগাছ পুলিশের। দেখা গেল গাড়ির মধ্যে থরেথরে সাজানো রয়েছে গাঁজা। সঙ্গে প্রচুর নগদ।
ঘটনা বারুইপুরের। কুরালি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। তখন 'ডাক্তার' স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়ি থেকেই উদ্ধার হয় ১২০ কেজি গাঁজা।
শুধু তাই নয়, গাড়ি থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৮৮ হাজার টাকা নগদ। কোথা থেকে এই গাঁজা আসছে, কারা জড়িত তাঁর তদন্ত শুরু করে দেয় পুলিশ।
ওড়িশার বালাসোরের বাসিন্দা বাসন্তী সেনাপতি-সহ গাড়ি চালক দেবনাথ নস্কর, শৌভিক বৈদ্য ও কার্তিক নস্করকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে শৌভিক ক্যানিংয়ের আর কার্তিক কুলতলির বাসিন্দা বলে জানা যাচ্ছে।
শনিবারই ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। মাদক সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানাচ্ছেন, গাড়িটি কার তা খতিয়ে দেখা হচ্ছে।
কোথায় আর কোন উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ধৃতদের আসল কারণই ছিল পাচার।