কড়া ঠান্ডায় শাটডাউন পরিস্থিতি আমেরিকায়, বরফে খেলতে গিয়ে চাপা পড়ে মৃত কিশোরী
দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড ঠান্ডায় জবুথবু আমেরিকা। বরফে ঢেকেছে, বাড়িঘর-পথঘাট। বন্ধ স্কুল-কলেজ-অফিস। একান্ত প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বেরোতে বারণ করছে প্রশাসন। কার্যত শাটডাউন চলছে দেশ জুড়ে। এক মধ্যেই বরফে চাপা পড়ে মারা গেল শিকাগোর এক কি
শেষ আপডেট: 22 January 2019 04:07
দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড ঠান্ডায় জবুথবু আমেরিকা। বরফে ঢেকেছে, বাড়িঘর-পথঘাট। বন্ধ স্কুল-কলেজ-অফিস। একান্ত প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বেরোতে বারণ করছে প্রশাসন। কার্যত শাটডাউন চলছে দেশ জুড়ে। এক মধ্যেই বরফে চাপা পড়ে মারা গেল শিকাগোর এক কিশোরী।
সূত্রের খবর, শিকাগো সংলগ্ন এলাকায় বাড়ির কাছেই একটি গির্জার সামনে বরফ নিয়ে খেলছিল ওই ১২ বছরের কিশোরী। তার সঙ্গে ন'বছরের আর একটি বাচ্চাও ছিল। খেলতে খেলতে বরফের একটি দুর্গের মতো বানিয়ে ফেলেছিল তারা। কিন্তু আচমকা কোনও ভাবে সেটি ভেঙে পড়ে। দু'জনেই চাপা পড়ে যায় বরফে। বেরোনোর জন্য ছটফট করতে থাকলেও, আরও বেশি করে চাপা পড়ে যায় তারা।
জানতে পেরে আশপাশ থেকে ছুটে আসেন অনেকে। কিন্তু তত ক্ষণে দমবন্ধ হয়ে গিয়েছে ১২ বছরের ওই কিশোরীর। চ্ক্ৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। ন'বছরের বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাইপোথার্মিয়ার চিকিৎসা চলছে তার।
সূত্রের খবর, শূন্যের চেয়ে ২০ ডিগ্রি নীচে পৌঁছেছে আমেরিকার একটি বড় অংশের তাপমাত্রা। কনকনে হাওয়া চলছে তীব্র বেগে। জমেছে কয়েক ফুট বরফ। আবহ দফতর জানিয়েছে, সোমবার থেকে বরফ গলতে শুরু করেছে ধীরে ধীরে। নতুন করে আর বরফ না পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।
আবহাওয়া দফতরের এক কর্তা মার্ক চেনার্ড জানান, এবারের পরিস্থিতি সত্যিই বিপজ্জনক। সমস্ত রেকর্ড ছাপিয়ে যাচ্ছে এই বারের শীত। বেশ কয়েকটি মৃত্যুর খবরও এসেছে। দশটি স্টেটে জারি করা হয়েছে কড়া সতর্কতা।
সাড়ে সাত হাজারেরও বেশি বিমান বাতিল হয়েছে এই ক'দিনে। সড়কপথও স্তব্ধ। ট্রেন চলছে না কয়েক দিন ধরে। প্রভাবিত হয়েছে ইন্টারনেট পরিষেবাও। ঠান্ডা না কমলে এবং বরফ না গললে এই পরিস্থিতির কোনও রকম পরিবর্তন হবে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।