
শেষ আপডেট: 18 April 2023 11:00
দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা বাড়ছে চড়চড় করে। দেশজুড়ে তাপপ্রবাহ চলছে। মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। অসুস্থ অনেকে। রবিবার ওই এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। চাঁদিফাটা রোদে খোলা আকাশের নীচে বসেছিলেন দর্শকরা। তার জেরে সানস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন অনেকে। আরও ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
অনেকেই এমন আছেন, যাঁরা হিট স্ট্রোকের (Heat Stroke) সমস্যা সম্পর্কে বিস্তারিত জানেন না। হিট স্ট্রোক বা সানস্ট্রোক হল হল একটি গরমজনিত সমস্যা। অনেকক্ষণ কড়া রোদের মধ্যে থাকলে অথবা খুব গরমের মধ্যে থাকলে হতে পারে হিট স্ট্রোক। মানুষের শরীর সাধারণত নিজে থেকেই ঘাম ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন শরীর নিজে থেকে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অপারগ হয়, তখনই স্ট্রোকের মতো সমস্যা দেখা দেয়।
প্রচণ্ড গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। উষ্ণ আবহাওয়ায় শরীরের তাপমাত্রা বাড়লে ত্বকের রক্তনালি প্রসারিত হয়ে অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। ঘাম নিঃসৃত হয়েও শরীরের অভ্যন্তরীণ উষ্ণতা কমায়। কিন্তু প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ থাকলে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে।
সবার ক্ষেত্রে হিট স্ট্রোকে একই রকম অনুভূতি হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়-
অনেক সময় হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি কোমায় পর্যন্ত চলে যেতে পারেন। এমনকী খুব দ্রুত মৃত্যুও হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনও ব্যক্তির গরমের মধ্যে থাকতে থাকতে হঠাৎ উপরের লক্ষণগুলি দেখা যায়, তাহলে-
◆ যতটা তাড়াতাড়ি সম্ভব অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় নিয়ে চলে যেতে হবে।
◆ চোখে, মুখে, ঘাড়ে জল দিতে হবে , স্নান করিয়ে ফেলতে পারলে খুবই ভাল।
◆ ভাল করে জল খাওয়াতে হবে।
এত সব করেও হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তির যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে সময় নষ্ট না করে দ্রুত নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। চিকিৎসা শুরু করতে দেরি হলে কিন্তু অঙ্গহানি থেকে প্রাণহানির পর্যন্ত সম্ভাবনা থাকে। তাই একটুও সময় নষ্ট করা উচিত নয়।