থুরথুরে অ্যামি সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন, ১১০ বছর বয়স কোনও বাধাই নয়
দ্য ওয়াল ব্যুরো: ১১০ বছর বয়সেই 'গানে ভুবন ভুলিয়ে' দিলেন অ্যামি হকিনস...
সোশ্যাল মিডিয়ার হাজারটা বদনাম করা হলেও, এর বিশেষ গুণের প্রশংসা তো করতেই হয়। সাধারণ মানুষের থেকেও শিল্পীদের ভীষণ প্রিয় জায়গা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্
শেষ আপডেট: 2 February 2021 11:10
দ্য ওয়াল ব্যুরো: ১১০ বছর বয়সেই 'গানে ভুবন ভুলিয়ে' দিলেন অ্যামি হকিনস...
সোশ্যাল মিডিয়ার হাজারটা বদনাম করা হলেও, এর বিশেষ গুণের প্রশংসা তো করতেই হয়। সাধারণ মানুষের থেকেও শিল্পীদের ভীষণ প্রিয় জায়গা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কারণ যখন তখন নিজের ইচ্ছেমতো প্রচার করা যেতে পারে, কাজ শেয়ার করা যেতে পারে। সেটা ভাইরাল হয়ে গেলে তো আর কোনও কথাই নেই। এই কারণেই দিনের পর দিন বড়সড় কোনও সুযোগের অপেক্ষাতেও থাকতে হয় না আর।

যেমন সদ্য এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই ১১০ বছর বয়সে রীতিমতো 'স্টার' হয়ে গেলেন অ্যামি হকিনস। নিজের জন্মদিনে গলা খুলে গাইছেন অ্যামি। সঙ্গে রয়েছেন তাঁর কাছের পরিবারের সদস্যরা। তাঁরাই আরও হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন অ্যামিকে। এই দৃশ্য ধরা পড়েছে একটি টিকটক ভিডিওতে। মুহূর্তে ভাইরাল ভিডিওটি নেটদুনিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। বলা যেতে পারে, ঝড়ই তুলেছে।
অ্যামি ছোট থেকেই নাচ শিখেছেন। নাচেই তিনি পটু। এমনকি তাঁকে সারা পৃথিবীর নানা দেশে শো'য়ের কারণে ঘুরে বেড়াতেও হয়েছে। কিন্তু এই বয়সে এসে তাঁর কণ্ঠ, তাঁকে বিখ্যাত করে দিল। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন অ্যামি। সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয়তা বাড়লেও অ্যামি কিন্তু স্বাভাবিকভাবেই নিচ্ছেন বিষয়টাকে। 'গার্ডিয়ান'-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন।

সাউথ ওয়েলসে তাঁরা ৪ প্রজন্ম এক বাড়িতে থাকেন। অ্যামির পাঁচ ভাই এবং একটি বোন রয়েছেন। এমনকি তিনিও একশো বছর পার করেছেন সদ্য। অ্যামি যখন ১১০ বছর উদযাপন করছেন, তখন লিলিয়ান, অ্যামির বোন ১০১ বছর বয়সেও নুব্জ হয়ে পড়েননি। এই প্রসঙ্গে মজা করেই অ্যামি বলেছেন, "আমরা কোনওদিন ডাক্তারের কাছে যাইনি। তাই ভাল আছি।"