দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠলেন ১০০ বছরের বৃদ্ধা। মধ্যপ্রদেশের ইনদোরের এই ঘটনায় যেন আশার আলো দেখছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, হুইলচেয়ারে করে বাড়ি ফিরছেন বৃদ্ধা। সকলে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন তাঁকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইনদোরের নেহেরু নগরের বাসিন্দা ১০০ বছরের চন্দ্রা বাইয়ের মেজো ছেলে করোনায় আক্রান্ত হন কয়েক দিন আগে। চলতি মাসের চার তারিখে মারাও যান তিনি। তার দু'দিন পরেই তাঁদের পরিবারের ১৬ জন সদস্যের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এর পরে ১০ মে রিপোর্ট মিললে জানা যায়, চন্দ্রা বাই, তাঁর ছোট ছেলে, নাতি, নাতির স্ত্রী ও তাঁদের দুই সন্তানের শরীরেও করোনার জীবাণু রয়েছে।
এর পরে তাঁদের ছ’জনকেই ইনদোরের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে শারীরিক সমস্যা, অন্য দিকে পরিবারের সদস্যের মৃত্যুশোক। কোনও রকমে হাসপাতালে দিন কাটে তাঁদের। মনোকষ্টে কাটান ১০০ বছরের মা চন্দ্রাদেবী। এই অবস্থাতেই ১১ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে জয়ী হন চন্দ্রাদেবী। বৃহস্পতিবার সন্ধ্যায় সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
দেখুন তাঁর বাড়ি ফেরার ভিডিও।
https://twitter.com/ANI/status/1263835829220171777
শ্রী অরবিন্দ ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডক্টর রবি দোশী জানান, সামান্য জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না বৃদ্ধার। তবে কয়েক দিনের জন্য অক্সিজেন দিতে হয় তাঁকে। তবে তাঁর মনের জোর এবং ইচ্ছাশক্তি অবাক করেছে চিকিৎসকদের।
এক ছেলেকে হারিয়েও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আরও সময় কাটানোর ইচ্ছাই তাঁকে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করার শক্তি দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমনকি তিনি চিকিৎসকদেরও সাহস জুগিয়েছেন হাসপাতালে।