
উদ্ধার হওয়া গাঁজা - ফাইল ছবি
শেষ আপডেট: 11 December 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে গাড়ি করে পাচার করা হচ্ছিল প্রায় ১০০ কিলো গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। হাওড়া-ধুলাগড় টোল প্লাজায় সেই গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
নারকোটিক্স শাখার আধিকারিকদের কাছে খবর ছিল, ওড়িশা থেকে বাংলায় গাঁজা পাচার করা হচ্ছে। তবে তার পরিমাণ কত সে বিষয়ে প্রাথমিকভাবে তাঁরা কিছু জানত না। তবে খবর পাওয়ার পরই হাওড়া-ধুলাগড় টোল প্লাজায় হানা দেয় বিশেষ দল। সেই অভিযানেই দুটো গাড়ি আটক করে ৯৮ কিলো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সূত্র মারফৎ জানা গেছে, ১০টি পিঠের ব্যাগ করে রাতের অন্ধকারে পাচারকারীরা কলকাতায় নিয়ে যাচ্ছিল এই গাঁজা। তার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে সাঁকরাইল থানায় নিয়ে গেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ওই গাড়ি দুটিও আটক করেছে পুলিশ।