দ্য ওয়াল ব্যুরো: দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ইঞ্জিনবিহীন সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। যার যাত্রা শুরু হয়েছিল গত ২০১৯ সালের অক্টোবর মাসে। এবার আগামী বছর ভারতের স্বাধীনতার দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বন্দে ভারত এক্সপ্রেস-কে নিয়েই নতুন উদ্যোগ নিল কেন্দ্রীয় রেলমন্ত্রক।
হাতে আর মাত্র ১ বছর। এরমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে চায় রেল। সূত্রের খবর, দেশের ৪০ টি শহরকে জুড়ে কমপক্ষে ১০ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে। সরকারের আশা, এর ফলে ভারতীয় রেল নতুন উদ্যম পেতে পারে।
সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর অশ্বিনী বৈষ্ণও এই প্রকল্পটি নিয়ে পর্যালোচনা শুরু করেছেন মন্ত্রকের অন্দরে। তাঁর নির্দেশ, ২০২২ সালের আগস্টের মধ্যে কমপক্ষে ৪০ টি শহরকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সঙ্গে জুড়ে ফেলতেই হবে।
গত ফেব্রুয়ারি মাসে হায়দ্রাবাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম 'মেধা'-র সঙ্গে একটি চুক্তি করেছিল কেন্দ্র। যাতে বলা হয়েছিল, ৪৪ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য রেলকে বৈদ্যুতিক সিস্টেম সরবরাহ করবে তারা। তবে স্বাধীনতা দিবসের এই নতুন পরিকল্পনার জেরে এখন তাদের উৎপাদন প্রক্রিয়া আরও বাড়াতে বলা হয়েছে, যাতে আগামী বছরের মার্চ মাসের মধ্যে পরীক্ষামূলক ভাবে কমপক্ষে দুটি প্রোটোটাইপ চালু করা যায়।
সূত্রের খবর, শনিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মার নেতৃত্বে এই সংক্রান্ত একটি সভা আয়োজিত হয়। যেখানে সংশ্লিষ্ট বোর্ডের সদস্যরা, ইউনিটের জেনারেল ম্যানেজার, ট্রেনের ইঞ্জিনিয়ার-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস সংক্রান্ত কেন্দ্রের এই নতুন পরিকল্পনা নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং তারপরেই নতুন উদ্যমে কাজ শুরু করে রেল।
উল্লেখ্য, এখনও অবধি দেশে কেবলমাত্র দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। প্রথমটি দিল্লি থেকে বারাণসী অবধি, যা গত ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবং দ্বিতীয়টি দিল্লি থেকে জম্মুর কাটরা অবধি চলাচল করে। সূত্রের খবর, সর্বমোট ১০০টি বন্দে ভারত এক্সপ্রেস দেশের বিভিন্ন শহরে চালানোর পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের। যা উৎপাদনে খরচ হতে পারে কমপক্ষে ১১০০০ কোটি টাকা।