
ডাক্তারদের প্রতিবাদ।
শেষ আপডেট: 12 August 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার-ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রতিবাদে রুখে দাঁড়ালেন সর্বভারতীয় ডাক্তাররা। এর ফলে দেশের সর্বত্র চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে শামিল হয়েছেন তাঁরা।
দিল্লির ১০টি সরকারি হাসপাতালে এদিন সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়। জরুরি বা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাজধানী শহরের মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, আরএমএল হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ, ভিএমএমসি এবং সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি, আইএইচবিএএস, ডঃ বাবাসাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজ ও ন্যাশ্যনাল ইনস্টিটিউট অফ টিবি অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতিতে শামিল হয়েছেন।
রেসিডেন্স ডক্টর্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সকাল ৯টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। আরডিএ জানিয়েছে, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড ডিউটি স্তব্ধ হয়ে পড়েছে। শুধু এমার্জেন্সিতে কাজ চলছে। মুমূর্ষু রোগীর চিকিৎসাও করা হচ্ছে। ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর্স অ্যাসোসিয়েশন এই কর্মবিরতির ডাক দিয়েছিল। তাতে সাড়া দিয়ে আরডিএ এই আন্দোলনে শামিল হয়। কর্তব্যরত অবস্থায় কলকাতার আর জি কর হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে গর্জে উঠেছেন কলকাতার চিকিৎসকরাও। একইভাবে মুম্বইয়ের ডাক্তাররাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। প্রতিবাদীরা সব ডাক্তার ও কর্মীদের নিরাপত্তা দাবি করে স্লোগান দিচ্ছেন।
আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি আগেই উঠেছে। তবে এবার সেই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শুধু সিবিআই নয়, অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দিতে হবে বলেই আর্জি জানানো হয়েছে। আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। এই মামলায় রাজ্যের প্রতিটি হাসপাতালে সিসিটিভি ব্যবস্থা সহ একাধিক দাবিও জানানো হয়েছে।
তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় 'নো সেফটি, নো ডিউটি' স্লোগান তুলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাকি পড়ুয়ারা। শুধু আর জি করের ছাত্রছাত্রীরাই যে আন্দোলনে নেমেছেন এমনটা নয়, অন্যান্য একাধিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পড়ুয়ারাও বিক্ষোভে শামিল হয়েছেন। তাঁদের মিলিতভাবে দাবি, এই ঘটনার সিবিআই তদন্ত চাই এবং অভিযুক্তকে ফাঁসি দিতে হবে। সেই পরিস্থিতির মধ্যে এবার কলকাতা হাইকোর্টে আর জি কর ইস্যুর জল গড়িয়ে গেল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। যদিও একটি নয়, একাধিক জনস্বার্থ মামলা হয়েছে আদালতে।