দ্য ওয়াল ব্যুরো: মুখশ্রী হবে টানটান। গোলাপ ফুলের পাপড়ির মতো পেলব ঠোঁটের হাসিতেই কুপোকাৎ হবে আট থেকে আশি। এ হেন সুপ্ত বাসনা যে সব যুবতীর মনের কোনও গোপন কোণায় সযত্নে লালিত হয় সে কথা বলাই বাহল্য। কৃত্রিম উপায় এমন জেল্লাদার, পেলব ঠোঁট পেতে গিয়েই এক যুবতী কী কাণ্ড ঘটিয়ে বসেছেন তা দেখলে চোখ কপালে উঠবে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল সে খবর।
ঠোঁটের লাম্প সারাতে বোটক্স ইঞ্জেকশন নিয়েছিলেন র্যাচেল ন্যাপিয়ার। তাতেই দেখা দিয়েছে বিপত্তি। লাম্প তো সারেই নি, উল্টে ঠোঁট ফুলে কলাগাছ। ওষ্ঠ-অধর দুইই যেন ঠিকরে বেরিয়ে আসছে বাইরে। দাঁতের অবস্থা তথৈবচ। গোটা মুখ থমথমে। নিজের সুন্দর মুখের এ হেন দশা দেখে বেজায় চটেছেন যুবতী। বোটক্স ট্রিটমেন্ট ও তার কারিগরদের বিরুদ্ধে রীতিমতো আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন।
https://www.facebook.com/rachel.knappier/posts/10156996916147848
ব্রিটেনের বাসিন্দা র্যাচেল ন্যাপিয়ার। বয়স বছর ২৯। ছোটবেলার একটি দুর্ঘটনায় ঠোঁটে হাল্কা লাম্প দেখা দিয়েছিল র্যাচেলের। এমন তরতাজা ত্বক, কিন্তু ঠোঁটে লাম্প সেটা কি ভালো দেখায়! লাম্প সারাতে র্যাচেল তাই গিয়েছিলেন ‘বোটক্স পার্টি’তে। ব্রিটেনে এই ধরণের পার্টি প্রায়শই হয়ে থাকে। অভিজ্ঞ চিকিৎসকের বদলে সেখানে বোটক্স থেরাপি করেন হাতুড়েরাই। ইঞ্জেকশনের জাদুতে চোখের পাশের কুঁচকানো চামড়া টানটান করা থেকে শুরু করে বলিরেখা নিমেষে গায়েব। অনেক সময়েই দেখা যায় তুরন্ত ফল পেতে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ডোজের ড্রাগ ব্যবহার করেন এই বোটক্সের কারিগররা। অ্যালকোহল ও নানা রকম ড্রাগ বানিয়ে ফিলার ইঞ্জেকশনও দেদার চলে এমন পার্টিতে। চিকিৎসার সঙ্গে নেশার এলাহি আয়োজন।
https://www.facebook.com/rachel.knappier/posts/10157037746027848
র্যাচেল জানিয়েছেন, তাঁর ঠোঁটের লাম্প ও ফোলা ভাব সারাতে এমনই ফিলার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, এতে চটজলদি লাম্প গায়েব হয়ে যাবে তাঁর ঠোঁট থেকে। খিন্তু, ফল হয় উল্টো। ইঞ্জেকশন নেওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই তাঁর ঠোঁটে শুরু হয় অসহ্য যন্ত্রণা। আয়নার সামনে দাঁড়িয়ে শিউরে ওঠেন যুবতী। এ কি কাণ্ড! বিশ্রি ভাবে ঠোঁট ফুলে ঝুলে গেছে, সেই সঙ্গে ভিতরের পাতলা চামড়ায় দেখা দিয়েছে ক্ষত। শেষমেশ অভিজ্ঞ কসমেটিক্স চিকিৎসকের দ্বারস্থ হয়ে রেহাই পান যুবতী।
ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অ্যাসথেটিক প্লাস্টিক সার্জনের (BAAPS)চিকিৎসক মার্ক প্যাসিফিও বলেছেন, “তিন দিন লাগে র্যাচেলের ঠোঁট আবার স্বাভাবিক অবস্থায় আনতে। ব্রিটেনে এই ধরণের বেআইনি বোটক্স সার্জারি বন্ধ করা উচিত। এর ফল প্রাণদায়ী হতে পারে।” তাঁর কথায়, যৌবন ধরে রাখতে বা মুখের যে কোনও ক্ষত সারাতে এই বোটক্স ট্রিটমেন্ট করা হয়। বোটোলিয়াম টক্সিন টাইপ এ ড্রাগ সাময়িক ভাবে মুখের ক্ষত সারাতে সক্ষম। দীর্ঘমেয়াদী ফল পেতে বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন। অনভিজ্ঞ হাতে এই ট্রিটমেন্ট হলে এর ফল মারাত্মক হতে পারে।