
শেষ আপডেট: 9 July 2020 18:30
রাজাগোপালন বাসুদেবন[/caption]
প্লাস্টিকের বর্জ্য দিয়ে প্রথম রাস্তা তৈরির কৌশল দেখিয়েছিলেন মাদুরাইয়ের থিয়াগরজার ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক পদ্মশ্রী প্রাপ্ত রাজাগোপালন বাসুদেবন। ২০০১ সালেই তিনি অ্যাসফল্ট বা বিটুমেনের মিশ্রণের সঙ্গে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে পরীক্ষামূলকভাবে রাস্তা তৈরির পদ্ধতি দেখিয়েছিলেন। তারপর থেকেই দেশে এই পদ্ধতির প্রয়োগ শুরু হয়। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির উন্নত প্রযুক্তি রয়েছে। ফেলে দেওয়া যে প্লাস্টিক পুনর্ব্যবহার যোগ্য নয়, সেগুলিকেই বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় রাস্তা তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি কিলোমিটার প্লাস্টিকের রাস্তা তৈরি করতে প্রায় ৯ টন বিটুমেন ও ১ টন প্লাস্টিক লাগে। অপরিশোধিত পেট্রোলিয়াম থেকে তৈরি হয় বিটুমেন যা হাইড্রোকার্বনের মিশ্রণ, সড়ক নির্মাণের কাজে লাগে। প্রাকৃতিকভাবেও পাওয়া যায় বিটুমেন। সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তার ৬-৮% থাকে বর্জ্য প্লাস্টিক, বাকি ৯২-৯৪% থাকে বিটুমেন।
ভারতে প্রথম চেন্নাইতেই ১০০০ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল বর্জ্য প্লাস্টিক দিয়ে। তারপর পুণে, মুম্বই, সুরাট, ইনদওর, দিল্লি, লখনৌতে প্লাস্টিকের সড়ক নির্মাণ শুরু হয়। জানা গেছে, ১৬০০ টন বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে চেন্নাইতে ১০৩৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ২০১৬ সালে পুণেতে ১৫০ মিটার রাস্তা তৈরি হয় বিটুমেন ও বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে। টাটা স্টীলের অনুদানপ্রাপ্ত সংস্থা জামশেদপুর ইউটিলিটি অ্যান্ড সার্ভিসেস প্রায় ১২-১৫ কিলোমিটার রাস্তা তৈরি করেছে বর্জ্য প্লাস্টিক দিয়ে যার এক কিলোমিটার মতো রয়েছে রাঁচিতেই। মধ্যপ্রদেশ গ্রামীণ সড়ক যোজনায় ১৭টি জেলায় ৩৫ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হয়েছে বর্জ্য প্লাস্টিক দিয়ে।
জম্মু-কাশ্মীরে ২৭০ কিলোমিটার জাতীয় সড়ক বর্জ্য প্লাস্টিক দিয়েই তৈরি। দিল্লি-মেরঠ জাতীয় সড়কের দু’কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে ১.৬ টন ফেলে দেওয়া প্লাস্টিক থেকে।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিনে প্রায় ২৫ হাজার ৯৪০ টন বর্জ্য প্লাস্টিক জমা হয়। যার ৬০% পুনর্ব্যবহার করা হয়। বাকিটা ফেলে দেওয়া হয় যা নদী-নালা, সমুদ্রে গিয়ে মেশে। ফলে নদী, সমুদ্রে মাইক্রো-প্লাস্টিক জাতীয় বর্জ্য জমা হতে থাকে যার প্রভাব পড়ে সামুদ্রিক প্রাণীদের উপরে। বাস্তুতস্ত্রের ভারসাম্য নষ্ট নয়।
প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণে এই উদ্যোগ স্বচ্ছ ভারত অভিযানেরই একটি অংশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্রতিবেদনে বলা হয়ছে, বিটুমেন ও প্লাস্টিকের মিশ্রণে তৈরি এই রাস্তাগুলো অনেক বেশি মজবুত। যে কোনও প্রাকৃতি দুর্যোগেও নাকি অনেক বেশি টেকসই।