দ্য ওয়াল ব্যুরো: রাতের বেলা উন্মত্তের মতো রাস্তা দিয়ে ছুটছেন এক অটো চালক। সারা শরীর রক্তে ভেজা। পেটে গেঁথে রয়েছে একটা ছুরি। দিল্লির ব্যস্ততম এলাকা কন্নট প্লেসে এমন ঘটনা দেখে থমকে গেলেন পথচলতি মানুষ।
ঘটনাটা রবিবার রাতের। প্রত্যক্ষদর্শী রতন সিংহ চৌহান জানিয়েছেন, তিনি অটো ধরবেন বলে দাঁড়িয়েছিলেন। হঠাৎই দেখেন এক অটোর লাইন থেকে এক অটো চালক দৌড়ে আসঠছেন তাঁরই দিকে। পেট থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। কোনও রকমে তাঁর কাছে সাহায্য চেয়েই মাটিতে পড়ে গেলেন। ওই চালককে উদ্ধার করে তিনিই হাসপাতালে নিয়ে যান। খবর দেন পুলিশেও।
লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে ওই চালক নিয়ে যান রতন। সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছুরিটা মারা হয়েছিল বহুক্ষণ আগে। সম্ভবত ওই ্অবস্থাতেই অটো চালিয়ে কন্নট প্লেস অবধি পৌঁছন চালক। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে তাঁর।
রতনের কথায়, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে অটো চালক তাঁকে বলে গিয়েছিলেন এক যাত্রী তাঁর অটোতে ওঠেন। অটো চালকের বয়ান অনুযায়ী সম্ভবত মধ্য দিল্লির খান মার্কেট বা দক্ষিণ দিল্লির খানপুর থেকে ওই যাত্রী অটোতে চেপেছিলেন। গন্তব্যে পৌঁছবার পর ভাড়া চাইবার সময় আচমকাই ছুরি বার করে যাত্রীটি চালকের উপর হামলা করেন। তার পর চম্পট দেন। ওই যাত্রীকে চেনেন না বা আগে কখনও দেখেননি বলেই জানিয়েছেন অটো চালক।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই যাত্রীর খুঁজে বার করার চেষ্টা চলছে। কন্নট প্লেসের অন্যান্য অটো চালকদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। চালকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।