দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। গবেষণার কাজে মগ্ন চার বিজ্ঞানী। আচমকাই বিকট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা ঘরটা। ফেটে গেছে হাইড্রোজেন, অক্সিজেন ও অন্যান্য গ্যাসে ঠাসা সিলিন্ডার। ছিটকে গেলেন গবেষক মনোজ কুমার। ঘটনাস্থলেই মৃত। জখম আরও তিনজন।
বুধবার বেলা আড়াইটে নাগাদ বিস্ফোরণ হয় এরোস্পেসের গবেষণাগারে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, হাইপারসনিক ও শক ওয়েভের গবেষণা চলছিল। পাশেই ছিল গ্যাসে ভর্তি সিলিন্ডার। কোনও ভাবে সেটি ফেটে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, প্রায় ২০ ফুট দূরত্বে ছিটকে যান মনোজ। বাকিদের মধ্যে ছিলেন, অতুল্য, নরেশ কুমার ও কার্তিক। তাঁদের চিকিৎসা চলছে এমএস রামাইয়া হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
কী ভাবে এই বিস্ফোরণ ঘটল সেই নিয়ে এখনও আঁধারে কলেজ কর্তপক্ষ। আইআইএসসি-র শীর্ষ নিরাপত্তাকর্মী চন্দ্রশেখর সংবাদমাধ্যমকে বলেছেন, “সুপার ওয়েভ টেকনোলজির উপর একটি গবেষণা চলছিল। চার জন গবেষক কাজ করছিলেন ল্যাবরেটরিতে। আচমকাই বিকট বিস্ফোরণে ছিটকে যান সকলেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকিরা চিকিৎসাধীন।”
ঘটনার তদন্ত শুরু করেছে সদাশিবনগর থানার পুলিশ। সহকারী কমিশনার নিরঞ্জন রাজ জানিয়েছেন, সুপারওয়েভ টেকনোলজি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে হাইপারসনিক ওয়েভ সংক্রান্ত একটি গবেষণা চালাচ্ছিলেন ওই চার জন। অনেকদিনই শুরু হয়েছে ওই প্রজেক্টের কাজ। কী ভাবে ওই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।