
শেষ আপডেট: 2 January 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা এখনও কেন পরীক্ষা করা গেল না? ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে চিকিৎসকদের বিস্তারিত জানানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
আদালত সূত্রের খবর, মঙ্গলবার এ ব্যাপারে ইডির জয়েন ডিরেক্টরের মাধ্যমে ইএসআই হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষায় কী কী সমস্যা রয়েছে, কেন এখনও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেল না, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে রোগীর কী কী সমস্যা হতে পারে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে চেয়ে ইডির মাধ্যমে চিকিৎসকদের তলব করেছেন বিচারপতি সিনহা।
সূত্রের খবর. বুধবার এ ব্যাপারে অনলাইনে বিচারপতির মুখোমুখি হতে হবে চিকিৎসকদের। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন বিচারপতি অমৃতা সিনহা।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পায় ইডি। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ওই গলার স্বরের নমুনা মিলিয়ে দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালতের নির্দেশের পর প্রায় ৪ মাস অতিক্রান্ত। এখনও সুজয়কৃষ্ণের সেই কণ্ঠস্বর কেন পরীক্ষা করা গেল না, সেই প্রশ্নই এদিন তুলেছেন বিচারপতি।
বর্তমানে ‘কালীঘাটের কাকু’ ভর্তি এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের মেডিক্যাল রিপোর্টে সবুজ সংকেত না পাওয়ায় আদালতের নির্দেশের পরেও গলার স্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে আগেই আদালতে অভিযোগ করেছিল ইডি।